Published : 04 Mar 2026, 09:31 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের একটি ম্যাচে সমকামীবিদ্বেষী মন্তব্যের জন্য শাস্তি পেয়েছেন জ্যাক ফ্লেচার। এই মিডফিল্ডারকে ছয় ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
গত অক্টোবরে ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে বার্নসলির বিপক্ষে খেলছিলেন ফ্লেচার। দলের ৫-২ গোলে হারের ম্যাচে ৬২তম মিনিটে তাকে লাল কার্ড দেখানো হয়। এই সিদ্ধান্তের কারণ স্পষ্ট ছিল না তখন।
তবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বুধবার নিশ্চিত করেছে যে, প্রতিপক্ষকে ‘সমকামী ছেলে’ বলার জন্য মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল ফ্লেচারকে।
১৮ বছর বয়সী ফ্লেচারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে দেড় হাজার পাউন্ড (২ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।
ওই ঘটনায় ক্ষমাও চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট ড্যারেন ফ্লেচারের ছেলে জ্যাক ফ্লেচার।
“মুহূর্তের উত্তেজনায় যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছি, তার জন্য সত্যিই অনুতপ্ত আমি। যদিও এই শব্দটিকে সমকামী অপমান হিসেবে ব্যবহার করার কোনো ইচ্ছা আমার ছিল না, তবু আমি পুরোপুরি বুঝতে পারছি, এই ধরনের ভাষা অগ্রহণযোগ্য এবং ম্যাচের পরপরই আমি ক্ষমা চেয়েছি।”
গত ডিসেম্বরে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচ দিয়ে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ফ্লেচারের। এই মৌসুমে মূল দলের হয়ে তিনটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি। তার যমজ ভাই টাইলারও ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে খেলেন।
গত জানুয়ারিতে হুবেন অ্যামুরিকে বরখাস্ত করার পর ড্যারেন ফ্লেচারকে ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছিল। ওই সময় দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ও সাবেক এই মিডফিল্ডার।