২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শক্তিশালী ও চমৎকার দল, বললেন ভারত কোচ

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ার লক্ষ্য দৃঢ়তাপূর্ণ কণ্ঠেই জানিয়েছেন ভারত কোচ সান্তোস কশ্যাপ।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 06:09 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

সংবাদ সম্মেলনে শুরুতেই অকপটে ভারত কোচ সান্তোস কশ্যাপ বললেন, মেয়েদের ফুটবল খুব একটা অনুসরণ করা হয়নি তার। এরপর প্রশ্ন-উত্তরপর্ব যতই গড়াতে লাগল, ইঙ্গিত মিলল উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ফিরে পাওয়ার লক্ষে আটঘাট বেঁধেই প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রশ্ন-উত্তরপর্বে উঠল বাংলাদেশের বিপক্ষে গতবারের হারের প্রসঙ্গও। দুই বছর আগের সেই ম্যাচ দেখেছেন জানিয়ে ভারত কোচ বললেন, বাংলাদেশ তার দৃষ্টিতে শক্তিশালী ও চমৎকার দল।

সাফে ভারতের অজেয় যাত্রায় ছেদ পড়ে গতবারের ষষ্ঠ আসরে এবং তা থামিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের দেখায় সিরাত জাহান স্বপ্না (২টি) ও কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০ ব্যবধানে ভারতকে হারিয়েছিল মেয়েরা। গতবারের মতো এবারও ভারতের সাথে গ্রুপ পর্বে দেখা হবে বাংলাদেশের, ২৩ অক্টোবরে। ভেন্যু সেই নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামই।

এ মাঠেই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে হারানো মুকুট ফিরে পাওয়ার লড়াইয়ে নামবে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। বুধবার সাত দলের সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে সেই হার নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন কশ্যাপ। 

“আমি কিছুদিন আগেই দায়িত্ব পেয়েছি। সত্যি বলতে, আমরা মেয়েদের খেলা খুব বেশি অনুসরণ করিনি, কেননা, আমি সবসময় ছেলেদের দলের সাথে ছিলাম। তবে বিশ্লেষণ করেছি কিছু, আমি কিছু মজার দিক দেখেছি। প্রতিটি দেশই শক্তিশালী দল নিয়ে এসেছে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান-আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। নিশ্চিতভাবেই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, বাকি সব দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা আবার চ্যাম্পিয়ন হতে চাই।” 

“(বাংলাদেশের বিপক্ষে সেই হার) আবারও বলছি, অতীত অতীতই। বাংলাদেশ খুবই শক্তিশালী দল, আমি বাংলাদেশের ম্যাচগুলো দেখেছি, অন্যদের ম্যাচও দেখেছি। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি এবং গেমের অনান্য দিক দিয়েও তারা খুবই ভালো, চমৎকার। তাদের বিপক্ষে ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভালো ম্যাচ হবে। নির্দিষ্ট দিনের খেলাই মুখ্য, দেখা যাক, আমাদের যা আছে, তা নিয়ে আমরা কীভাবে পরিকল্পনা সাজাই এবং নির্দিষ্ট দিনে কেমন পারফরম করব, সেটাই গুরুত্বপূর্ণ।”  

শততম ম্যাচ খেলার দিকে ছোটা ভারত অধিনায়ক আশালতা দেবিও কোচের পাশে বসে বললেন, এবার ভালো ফল নিয়ে দেশে ফেরার আশাবাদ।

“এবার আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের দলে ভালো খেলোয়াদের মিশেল আছে, অভিজ্ঞ ও নতুন খেলোয়াড় আছে। আমরা অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, সে অনুযায়ী খেলতে চাই এবং ভালো ফল পেতে চাই।”