২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপেও এমবাপেকে পাচ্ছে না রেয়াল মাদ্রিদ

গোলের জন‍্য সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেকে ছাড়াই দল ঘোষণা করেছে রেয়াল মাদ্রিদ।

সুপার কাপেও এমবাপেকে পাচ্ছে না রেয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 07:10 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

স্প্যানিশ সুপার কাপের লড়াই শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপে।

সৌদি আরবের জেদ্দায় সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। সেখানে জিততে পারলে রোববার খেলবে ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল।

ফরাসি তারকাকে ছাড়াই মঙ্গলবার সৌদি আরব সফরের দল ঘোষণা করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

গত কয়েক সপ্তাহ ধরেই বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত বছরের শেষ দিকে সমস‍্যা বেড়েছে আরও। রেয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম‍্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। একই সমস‍্যায় গত ১০ ডিসেম্বর ম‍্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেননি তিনি। 

রেয়ালের হয়ে গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে করেন ৫৯ গোল, স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে ইউরোপের সফলতম ক্লাবের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলের রেকর্ড। বড় দিনের ছুটির পর এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। 

২০২৪ সালের গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর দলটির ৯৪ ম‍্যাচের কেবল ১১টিতে খেলতে পারেননি এমবাপে। চলতি মৌসুমে তিনি করেছেন ২৯ গোল। ক্লাব বিশ্বকাপ ছাড়া আর কখনও তিনি টানা দুটি ম‍্যাচ বাইরে থাকেননি। 

আতলেতিকোর মুখোমুখি হওয়ার আগে রক্ষণ নিয়ে সুখবর পেয়েছেন রেয়াল কোচ শাবি আলোন্সো। চোট কাটিয়ে ফিরেছেন ডিন হাউসেন।