দলের হার না মানা মানসিকতায় মুগ্ধ আতলেতিকো মাদ্রিদ কোচ
হারের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ায় খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দিয়েগো সিমেওনে।
বার্সেলোনার বিপক্ষে দারুণ শুরুর পরও এক পর্যায়ে আতলেতিকো মাদ্রিদকে চোখ রাঙাচ্ছিল হারের শঙ্কা। দুই গোলে পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি তারা। লড়াই করে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি। দলের এমন হার না মানা মানসিকতায় মুগ্ধ কোচ দিয়েগো সিমেওনে।
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার প্রথম ৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। কিন্তু এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে উল্টো ৪-২ গোলের লিড নেয় বার্সেলোনা।
৮৩ মিনিট পর্যন্ত ছিল এই ব্যবধান। তখন আতলেতিকো শিবিরে উঁকি দিচ্ছিল পরাজয়ের শঙ্কা। তবে হারের আগে হার মানেনি দলটি। আর সেই মনোভাবই তাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
আতলেতিকোর লড়াকু মানসিকতায় শেষ দিকে বদলে যায় ম্যাচের গতিপথ। আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ৪-৪ গোলের সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শেষে সিমেওনে দলের খেলোয়াড়দের স্তুতির জোয়ারে ভাসান।
“আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো, এই দলের স্পিরিট। খেলোয়াড়দের মধ্যে অবিশ্বাস্য হার না মানা মনোভাব রয়েছে যা অনুপ্রেরণাদায়ক। বার্সেলোনার অসাধারণ হাতিয়ার আছে, কিন্তু আমাদেরও নিজস্ব অস্ত্র আছে এবং আমরা দেখিয়েছি, আমরা কেমন।”
“চতুর্থ গোলের উদযাপন ছিল শুধুই আনন্দের বিস্ফোরণ। ৪-২ স্কোরলাইন থেকে ঘুরে দাঁড়ানো কঠিন মনে হচ্ছিল। তবে সমতা ফেরাতে এবং ২ এপ্রিল ফিরতি লেগে সমতায় যাওয়ার জন্য খেলোয়াড়দের সাহস ছিল অবিশ্বাস্য। দল দুর্দান্ত মনোভাব দেখিয়েছে... সর্বদা একই মানসিকতা এবং প্রতিদ্বন্দ্বিতার দুর্দান্ত মনোভাব নিয়ে খেলেছে।”
তবে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে না পারায় কিছুটা হতাশ সিমেওনে। বিশেষ করে কর্নার থেকে বার্সেলোনার করা গোল দুটি মানতে পারছেন না তিনি। এখানেই দলের উন্নতি প্রয়োজন বলে মনে হচ্ছে তার।
“বার্সেলোনার মতো দলের গোল না করে ম্যাচ শেষ করা অসম্ভব। কিন্তু আমাকে যেটা কষ্ট দিয়েছে, সেটা হলো যখন তারা সেট পিস থেকে দুই গোল করে। আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত প্রচেষ্টার জায়গায় সংশোধন করতে হবে।”
“তবে ম্যাচটি খেলা সহজ ছিল না, ছেলেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে এতে আমি অনেক খুশি।”
ফিরতি লেগে আগামী ২ এপ্রিল ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে খেলবে আতলেতিকো।
