গার্সিয়ার প্রথম হ্যাটট্রিকে রেয়াল মাদ্রিদের গোল উৎসব
কিলিয়ান এমবাপের অনুপস্থিতি এর চেয়ে ভালো নতুন বছরের শুরু বুঝি আর হতে পারতো না রেয়াল মাদ্রিদের।
লা লিগায় আগে যিনি কখনও গোলই করেননি, সেই গন্সালো গার্সিয়া এবার একে একে বল জালে পাঠালেন তিনবার। তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ভর করে রেয়াল বেসিকে উড়িয়ে দিল রেয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লিগ ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৫-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। তাদের বাকি দুটি গোল করেন দুই ডিফেন্ডার রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া।
বেতিসের বিপক্ষে গত কয়েক বছরে বারবার ভুগতে দেখা গেছে রেয়াল মাদ্রিদকে। গত বছরের মার্চে সবশেষ মুখোমুখি লড়াইয়েই হেরেছিল তারা। দলটির বিপক্ষে সবশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে রেয়াল মাদ্রিদের জয় মাত্র একটি, বাকি তিনটি ড্র।
সেখানে এই ম্যাচের আগে, গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপে চোট পেয়ে ছিটকে পড়ায়, বড় দুর্ভাবনা পেয়ে বসেছিল রেয়াল মাদ্রিদ শিবিরে। তবে গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে তারা এখন হয়তো অনেকটাই নির্ভার।
দারুণ এই জয়ে শীর্ষস্থানের সঙ্গে ফের ব্যবধান আগের অবস্থানে নিল রেয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে বার্সেলোনার পয়েন্ট ৪৯।
কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর, ২০তম মিনিটে গোল পেয়ে যায় রেয়াল মাদ্রিদ। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকার চেষ্টায় ফাউলের শিকার হন ভিনিসিউস জুনিয়র। ওই ফ্রি কিকেই দূরের পোস্টে ক্রস বাড়ান রদ্রিগো, আর দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন গন্সালো গার্সিয়া।
লা লিগায় এটাই এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের প্রথম গোল।
প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ৯টি শট নিয়ে ওই একটিই লক্ষ্যে রাখতে পারে রেয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গন্সালো গার্সিয়া। ডান দিক থেকে ফেদেরিকো ভালভের্দের ক্রস ডি-বক্সের সামনে বুক দিয়ে নামিয়ে, ডান পায়ের জোরাল শটে পোস্ট ঘেঁষে গোলটি করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
আর ৫৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন আসেন্সিও। রদ্রিগোর কর্নারে হেড করে রেয়ালের জার্সিতে প্রথম গোল করলেন এই ডিফেন্ডার।
তিন গোল হজমের পর, দারুণ কয়েকটি আক্রমণ করে রেয়াল বেতিস। জিওভানি লো সেলসোর ফ্রি কিক ডি-বক্সে সবার ওপর দিয়ে গিয়ে বাধা পায়ে দূরের পোস্টে। আর আইতর রুইবালের শট দারুণ নৈপুণ্যে ঠেকান থিবো কোর্তোয়া।
৬৬তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি কোর্তোয়া। রুইবালের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে কোর্তোয়াকে কাটান কুচো এর্নান্দেস, কিন্তু ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি তিনি। তবে পজেশন ধরে রেখে আবার কোর্তোয়াকে কাটিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
দারুণ ওই গোলের পরও অবশ্য লড়াইয়ে নাটকীয়তা ফেরাতে পারেনি বেতিস। ৮২তম মিনিটে বরং হ্যাটট্রিক পূরণ করে সব অনিশ্চয়তার একরকম ইতি টেনে দেন গন্সালো গার্সিয়া।
বদলি নামা আর্দা গিলের বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ছয় গজ বক্সে পাস দেন। সাইডফুট ফ্লিকের চেষ্টায় ঠিকমতো পারেননি গার্সিয়া; তবে বল ঠিকই দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
৮৮তম মিনিটে গন্সালো গার্সিয়ার বদলি নেমেই দলের পঞ্চম গোলটি করেন ফ্রান গার্সিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভালভের্দের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে বাঁ পায়ের ভলিতে জালে বল পাঠান এই স্প্যানিশ লেফট-ব্যাক।
আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া বেতিস ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
