প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিলকে হারিয়ে দিল জাপান
রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল এশিয়ার দেশটি।
আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবের পর জাপানের বিপক্ষেও শুরুটা দারুণ করে ব্রাজিল, প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে। তবে বিরতির পর খেই হারিয়ে ফেলল কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠে উজ্জীবিত পারফরম্যান্সে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান।
টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান, ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে এশিয়ার দেশটির প্রথম জয় এটিই। দুই দলের আগের ১৩ ম্যাচের ১১টিতে জিতেছিল ব্রাজিল, ড্র হয়েছিল বাকি দুটি।
গত মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ৬ ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় হার এটি। এক ম্যাচ আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সেলেসাওরা।
প্রায় ৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচে পজেশনে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় জাপান। ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ব্রাজিলের ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে।
চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। ওই ম্যাচে দুটি করে গোল করা এস্তেভোঁ ও রদ্রিগোকে শুরুতে বেঞ্চে রাখেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
২৬তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের রক্ষণ চেরা পাস ডি বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাইট-ব্যাক পাওলো এইহিক।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস পাকেতার চমৎকার ফ্লিকে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড।
জোড়া গোল হজমের ধাক্কা সামলে জাপানের ঘুরে দাঁড়ানো শুরু ৫২তম মিনিটে। বলা যায় গোলটি জাপানকে উপহার দেন ব্রাজিল ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো। বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বল তুলে দেন তাকুমি মিনামিনো পায়ে। জালে পাঠাতে ভুল করেননি মোনাকোর ৩০ বছর বয়সী মিডফিল্ডার।
৬২তম মিনিটে আরেকটি ভুল করে বসেন ফাব্রিসিও ব্রুনো। বক্সে কাছ থেকে কেইতো নাকামুরার শট ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
৭১তম মিনিটে কর্নারে বক্সে হেডে জাপানকে এগিয়ে নেন আয়াসে উয়েদা। বল অভিষিক্ত গোলরক্ষক উগো সোসার বরাবরই ছিল, তিনি ঠেকালেও জালে যাওয়া আটকাতে পারেননি।
বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল।
