২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের প্রস্তুতির শুরুতে নির্ভার বাংলাদেশ

শিরোপা ধরে রাখার অভিযানে থাকা দলকে দেখা গেল চনমনে মেজাজে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

হোটেলের লবিতেই ঘুরছিলেন শামসুন্নাহার সিনিয়র ও মনিকা চাকমা। দুজনে সেলফি তুললেন, গল্পগুজবে মেতে কাটালেন বেশ খানিকটা সময়। একটু পর টিম ম্যানেজারের সাথে বাইরে বেরুলেন আফিদা, সানজিদারা, সবার মুখেই প্রাণখোলা হাসি। ফাইনালের আগে প্রাণবন্ত এক আবহের আভাস পাওয়া গেল। নেপালের বিপক্ষে ফাইনাল নিয়ে বেশ নির্ভার এক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী বুধবার মুকুট ধরে রাখার অভিযানে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট প্রথমবার জিততে মরিয়া নেপাল, অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফির স্বাদ পেতে উন্মুখ বাংলাদেশ।

শঙ্কার কালো মেঘ সরিয়ে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালের মঞ্চে উঠে এসেছে বাংলাদেশ। ঘটনাবহুল দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল। ফলে গতবারের মতো এবারও দশরথের আঙিনায় শিরোপা লড়াইয়ে নামবে দুই দল।

কোনো প্রস্তুতি ছিল না সোমবার। জিমনেশিয়াম ও সুইমিংপুলে সময় কাটিয়েছে মেয়েরা। ফাইনাল সামনে রেখে রিকভারির দিকেই বেশি মনোযোগ দিয়েছেন কোচ পিটার জেমস বাটলার। এই ইংলিশ কোচ বরাবরই এই সুত্র মেনে চলেন, মানে ম্যাচের পরের দিন গুরুত্ব দেন স্রেফ রিকভারির দিকে।

আর্মি হেডকোয়ার্টার্স গ্রাউন্ডে মঙ্গলবার মূল প্রস্তুতি শুরু করবেন বাটলার। ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিকী যথারীতি অনুশীলনের সবকিছুর বিশ্লেষণ করবেন বরাবরের মতোই দূরে বসে। যদিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় অধিনায়ক সাবিনা খাতুন দাবি করেন, ফাইনালের পরিকল্পনা নিয়ে কোচের সাথে কোনো কথা হয়নি তার।

বাটলার অবশ্য বললেন ভিন্ন কথা। তার দাবি, অধিনায়কের সাথে সব বিষয়েই আলোচনা হয়েছে তার। কোচ ও অধিনায়কের কথাতেই স্পষ্ট, ভেতরের আগুণ নেভেনি এখনো। অবশ্য এই আগুণ জ্বলছে টুর্নামেন্টের শুরু থেকে, যদিও মাঠের খেলায় তার প্রভাব পড়েনি তেমন একটা।

পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়ে ওঠে সেমি-ফাইনালে। এরপর ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।

এখন অপেক্ষা শেষ ভালোর। অধিনায়ক সাবিনাও আশাবাদী জয়ের রংয়ে শেষটা রাঙানোর। নানা টানাপোড়েনের মধ্যেও কোচ বাটলার খুব করে চান, অন্তত শেষটা জয়ের হাসি দিয়েই শেষ করুক মেয়েরা। এখন দেখার অপেক্ষা, কোচের চাওয়া পূরণ করে সাবিনা-মারিয়া-মনিকা-তহুরারা সেরাটা নিংড়ে দেন কিনা।

সবচেয়ে দূর্ভাবনার জায়গা শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে স্বস্তির গোল এনে দেওয়া এই ফরোয়ার্ডের পায়ে ব্যথা। ভুটানের বিপক্ষে ম্যাচে এই ফরোয়ার্ডকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন বাটলার। অবশ্য ফাইনালে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী বাটলার।

“যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ফিজিওর রিপোর্টের উপর। তবে আমি আশা করি, ফাইনালে আমরা শামসুন্নাহারকে সেরা অবস্থায় পাবো। দেখা যাক, কি হয়।”

দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথে শামসুন্নাহার জুনিয়র প্রথম গোলটি করেছিলেন দুর্দান্ত ফ্লিকে। বাটলার এই ফরোয়ার্ডের সেরা ছন্দে পাওয়ার দিকে তাকিয়ে আছেন অধীর আগ্রহ নিয়ে।