হারের পুরো দায় নিলেন নেদারল্যান্ডস কোচ
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিছু অর্জন করতে হলে দলের আরও উন্নতির প্রয়োজনীয়তা দেখছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
হাতছানি ছিল গ্রুপ সেরা হওয়ার। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। দুবার সমতা ফেরালেও শেষ পর্যন্ত তাদের সঙ্গী হয় হারের হতাশা। পরাজয়ের সব দায় নিজের কাঁধে নিলেন কোচ রোনাল্ড কুমান। নেদারল্যান্ডস কোচ নিজেও হতাশ দলের শুরুর পারফরম্যান্সে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার অস্ট্রিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারে নেদারল্যান্ডস। দলটির বিপক্ষে ৩৪ বছর পর হারের তেতো স্বাদ পেল ডাচরা।
শুরুতেই নেদারল্যান্ডসের ওপর চাপ বাড়ায় অস্ট্রিয়া। ষষ্ঠ মিনিটে ডোনিয়েল মালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর গোলে সমতায় ফেরে কুমানের দল। ৫৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে তারা। ৭৫তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন মেমফিস ডিপাই। তবে পাঁচ মিনিট পর হজম করা তৃতীয় গোল আর শোধ দিতে পারেনি তারা।
ম্যাচ শেষে ৬১ বছর বয়সী কুমান বললেন, শুরুর বাজে পারফরম্যান্সটাই বেশি পোড়াচ্ছে তাকে।
“দিনশেষে আমিই দায়ী (হারের জন্য)। এই দল আমি গড়েছি, ভেবেছিলাম একসঙ্গে এটাই সেরা। কিন্তু তা হয়নি। আমি নিজেও হতাশ যে, আমরা এভাবে ম্যাচ শুরু করছি। আমার মনে হয়, শুরুর পারফরম্যান্স খুব বাজে ছিল, তবে পুরো ম্যাচের নয়।”
কোচের মতো একই সুর অধিনায়ক ভার্জিল ভন ডাইকের কণ্ঠেও। দলের আরও উন্নতির প্রয়োজনীয়তা দেখছেন তিনি।
“আমরা ম্যাচটি বাজেভাবে শুরু করেছি। এরপর পিছিয়ে পড়েছি। আমাদের উদ্যমের অভাব ছিল। বিরতিতে এটা নিয়ে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমাদের সবাইকে আরও অনেক কিছু করতে হবে। যদি আমরা এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিছু অর্জন করতে চাই, তাহলে কিছু বিষয় আমাদের দ্রুত বদলে ফেলতে হবে। আমরা সবাই দায়ী।”
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে তাদের শেষ ষোলোয় ওঠা নিশ্চিত হয় অবশ্য আগেই।
