২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানের লড়াই দেখতে গ্যালারিতে সাবিনা-মারিয়ারা

আগামী রোববার পাকিস্তানের ও তিন দিন পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ জুবায়ের. কাঠমাণ্ডু থেকে

Published : 17 Oct 2024, 07:12 PM

Updated : 01 Sep 2026, 11:04 AM

এক নজরে

আগামী রোববার পাকিস্তানের ও তিন দিন পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের দুই প্রতিপক্ষের ম্যাচ। তাদের সম্পর্কে জানার সুযোগটা হাতছাড়া করলেন না বাংলাদেশের ফুটবলাররা। সবাই হাজির হলেন গ্যালারিতে।

নারীদের দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তাদের খেলার ধরন, শক্তি, দুর্বলতা বুঝে নিতে দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে আসেন বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়েরা।

পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার দুই দলের দেখায় তারা জিতেছিল ৩-০ গোলে।

শিরোপা ধরে রাখার অভিযান বাংলাদেশ শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। গতবার এই দলটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা খাতুন, মারিয়া মান্দারা। এবারও জয়ই তাদের প্রত্যাশিত।

এর তিন দিন পর বড় এক পরীক্ষার সামনে পড়বে বাংলাদেশ। সেদিন খেলা হবে টুর্নামেন্টর সফলতম দল ভারতের বিপক্ষে। গতবার ফাইনালে উঠতে না পারা দলটি এবার প্রতিশোধের জন্য উন্মুখ। চোখে চোখ রেখেই লড়াইয়ের জন্য প্রস্তুত পিটার জেমস বাটলারের বাংলাদেশ।