‘উজ্জীবিত ও ফুরফুরে লাগছে’, ফাইনাল সামনে রেখে বললেন ওলমো
শৈল্পিকতার সাথে আগ্রাসী ফুটবলের মিশেল স্পেনকে দুর্বার করে তুলেছে বলে মনে করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
শুধু বল পায়ে রাখার শৈল্পিকতা নয়, আগ্রাসী আক্রমণে প্রতিপক্ষকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে এসেছে স্পেন। মুকুট ফিরে পাওয়ার শেষ ধাপে এসে দানি ওলমোর মনে হচ্ছে, নান্দনিকতা আর আক্রমণাত্মক ফুটবলই তাদের নিয়ে এসেছে এতদূর। ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে দল দারুণ উজ্জীবিত বলেও মনে হচ্ছে তার।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। জার্মানির মতো তিন শিরোপা জেতা স্পেনের সামনে রেকর্ডটি নিজেদের করে নেওয়ার হাতছানি। এই আঙিনায় বুভুক্ষ ইংল্যান্ড মুখিয়ে প্রথম ট্রফির স্বাদ নিতে।
গ্রুপ পর্ব থেকেই বন্ধুর পথে ছুটছে স্পেন। শিরোপাধারী ইতালি, ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবং আলবেনিয়াকে হারিয়ে গ্রুপসেরা হয়ে তারা উঠে আসে নকআউট পর্বে।
সেখানে জমাট রক্ষণের জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক জার্মানিকে ২-১ ব্যবধানে হারায় স্পেন। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জিতে উঠে আসে বার্লিনের মঞ্চে।
জর্জিয়া, জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে গোল পাওয়া ওলমো সংবাদ সম্মেলনে জানালেন স্পেন দলে বইছে আত্মবিশ্বাস আর রোমাঞ্চের স্রোত। সতীর্থদের দারুণ উজ্জীবিত, প্রাণবন্ত দেখছেন তিনি।
“কঠিন পথ ধরে চলতে হয়েছে আমাদের এবং আমরা যেভাবে এখানে (ফাইনালে) এসেছি, তাতে গর্বিত হওয়া উচিত। যে ধরনের ফুটবল আমরা খেলেছি, সেটাই আমাদের এখানে নিয়ে এসেছে।”
“আমরা আসলেই ভালো ও উজ্জীবিত অনুভব করছি। শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় আছি। আমরা জানি, রোববার আমাদের সামনে অপূর্ব এক সুযোগ অপেক্ষা করছে। আসছে ম্যাচের জন্য তাই আমরা ভীষণ, ভীষণভাবে অনুপ্রাণিত।”
২০১২ সালে সবশেষ ইউরোর মুকুট জিতেছিল স্পেন। সেই স্মৃতি ফিরিয়ে আনা থেকে স্রেফ এক ধাপ দূরে দাঁড়িয়ে লুইস দে লা ফুয়েন্তের দল। ওলমোও জানালেন, তর সইছে না তাদের।
“এখন আমরা সবাই ফাইনাল নিয়ে ভাবছি। গর্বের মুহূর্ত থেকে, ১২ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় থেকে ৯০ মিনিট দূরে। আমাদের অনুপ্রেরণার পারদ এখন চূড়ায়…তর সইছে না!”
