বিশ্বকাপের বাকি ২৯ দিন: আফ্রিকার উত্থান
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৯ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ দেখা যাক বিশ্বকাপের মঞ্চে আফ্রিকানদের বিশেষ কিছু সাফল্য।
এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ৩৭টি জয় পেয়েছে আফ্রিকার দলগুলো। ছয়টি জয় নিয়ে তালিকায় শীর্ষে নাইজেরিয়া। পাঁচটি করে ম্যাচ জিতেছে ক্যামেরুন, ঘানা, মরক্কো ও সেনেগাল। আলজেরিয়া, কোত দি ভোয়া ও তিউনিসিয়া পেয়েছে তিনটি করে জয় আর দক্ষিণ আফ্রিকার জয় দুটি।
ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আফ্রিকার অভিষেক হয় ১৯৩৪ আসরে, মিশরের হাত ধরে। এর ৪৪ বছর পর, ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় মহাদেশটির কোনো দল; মেক্সিকোকে ৩-১ গোলে হারায় তিউনিসিয়া।
বিশ্বকাপে আফ্রিকানদের আরও কিছু স্মরণীয় জয়ের মধ্যে উল্লেখযোগ্য- ১৯৮২ আসরে পশ্চিম জার্মানির বিপক্ষে আলজেরিয়ার জয়, ১৯৮৬ আসরে পর্তুগালের বিপক্ষে মরক্কোর জয়, ১৯৯০ আসরে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ক্যামেরুনের সাফল্য, ১৯৯৪ আসরে বুলগেরিয়া ও ১৯৯৮ আসরে স্পেনের বিপক্ষে নাইজেরিয়ার জয়, ২০০২ আসরে ফ্রান্স ও সুইডেনের বিপক্ষে সেনেগালের জয়, ২০২২ আসরে ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনের সাফল্য এবং এই সবশেষ আসরেই বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষে মরক্কোর জয়।
এক আসরে আফ্রিকান দলগুলোর সবচেয়ে বেশি (আটটি) জয় দেখা যায় ২০২২ সালে, কাতারে। ওই আসরে মরক্কো মোট জয় পায় তিনটি, সেনেগাল দুটি আর ক্যামেরুন, ঘানা ও তিউনিসিয়া একটি করে।
কাতার বিশ্বকাপে প্রতিযোগিতাটির ইতিহাসে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলে মরক্কো।
