সিটি ম্যাচ দিয়ে নিজেদের পরীক্ষা করতে চান লিভারপুল কোচ
প্রথম লেগের একপেশে লড়াইয়ের কথা স্মরণ করে এবার ইতিবাচক ফলের আশায় আছেন আর্না স্লট।
প্রিমিয়ার লিগে সবশেষ রাউন্ডে দুই দলের অভিজ্ঞতা হয়েছে দুইরকম। বড় জয় পেয়েছে লিভারপুল, আর ভালো শুরু পেয়েও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে, সার্বিক বিচারে ভালো অবস্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল। তাদের বিপক্ষে মাঠে নেমেই নিজেদের অগ্রগতির ছাপ রাখতে চান লিভারপুল কোচ আর্না স্লট।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে এবার শুরুটা ভালো করেও, পরে পথ হারিয়ে সেই আশা অনেকটাই শেষ হয়ে গেছে লিভারপুলের। তবে সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা। কারাবাখের বিপক্ষে গোল উৎসব করে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পর, গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে স্লটের দল।
আর সিটি গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে দুই গোল হজম করে, ২-২ ড্র করে টেবিলের ১৪ নম্বর দলের কাছে মূল্যবান দুটি পয়েন্ট হারায় তারা।
২৪ রাউন্ড শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি, শীর্ষস্থান থেকে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর ৩৯ পয়েন্ট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।
লিগের দ্বিতীয় লেগে সিটির বিপক্ষে আগামী রোববার ঘরের মাঠে লড়বে লিভারপুল। তুলনামূলক ভালো অবস্থানে থাকা দলটির বিপক্ষে খেলেই নিজেদের উন্নতি কতটা হলো, দেখতে চান স্লট।
“ইতিহাদে আমরা যেমন খেলেছিলাম, সেটা আমার মনে আছে এবং প্রথমার্ধের অধিকাংশ সময়ই আমরা কোণঠাসা ছিলাম।”
“তাই, এই দল নিয়ে আমরা কতটা উন্নতি করেছি, তা যাচাইয়ের এটা আরেকটি মঞ্চ। আসছে ম্যাচের ফল কতটা গুরুত্বপূর্ণ, আমরা জানি।”
গত নভেম্বরে লিগের প্রথম পর্বে সিটির মাঠে প্রথমার্ধেই দুই গোল হজমের পর, দ্বিতীয়ার্ধে আরেকটি খেয়ে ৩-০ ব্যবধানে হেরেছিল লিভারপুল।
সেই ম্যাচে লিভারপুল একবার জালে বল পাঠালেও গোল পায়নি, বিপরীতে ম্যাচের শুরুর দিকেই পেনাল্টি হজম করেছিল তারা; যদিও ওই স্পট কিকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্লিং হলান্ড। বৃহস্পতিবার সংবাদিকদের প্রশ্নের উত্তরে এসবও স্মরণ করলেন স্লট।
“আমাদের গোল বাতিল হয়েছিল এবং ভিএআরের হস্তক্ষেপে তারা একটি পেনাল্টি পেয়েছিল, আর এসব সিটিকে সাহায্য করেছিল। একটা সেট পিস হজম করা কোনোভাবেই সাহায্য করে না এবং এসব বিষয় ম্যাচকেও প্রভাবিত করে।”
“এবার আমরা ভিন্ন কিছু দেখাতে চাই।”
