আর্সেনালের সঙ্গে ব্যবধান বাড়লেও শিরোপার আশায় ম্যানচেস্টার সিটি কোচ
যতক্ষণ সুযোগ আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন পেপ গুয়ার্দিওলা।
সুযোগ ছিল আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার। কিন্তু টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পয়েন্ট হারিয়ে উল্টো আরও পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা এখনই ছাড়তে নারাজ দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগের ম্যাচটিতে রোববার প্রথমার্ধে টটেনহ্যামের এলোমেলো ফুটবলের সুযোগ দারুণভাবে কাজে লাগায় সিটি। স্বাগতিকদের ভুলে হায়ান শেহকি ও অ্যান্টোয়ান সেমেনিওর গোলে দারুণ এক জয়ের আশাও জাগায় তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে বাধে বিপত্তি। ৫৩তম মিনিটে আত্মঘাতী হন সিটির মার্ক গেয়ি। ১৭ মিনিট পর ডমিনিক সোলাঙ্কির চমৎকার গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়, কিন্তু গোলের দেখা পায়নি কেউই।
ম্যাচটি ড্র হওয়ায় আর্সেনাল থেকে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে সিটি। ২৪ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চূড়ায় মিকেল আর্তেতার দল।
লিগের এখনও অনেকটা সময় বাকি। শিরোপার জয়ের লড়াইয়ে যেকোনো কিছু হতে পারে। তাই হাল ছাড়তে নারাজ সিটি কোচ গুয়ার্দিওলা।
“যতক্ষণ সুযোগ আছে, আশা সবসময় থাকবে। এমনটা হয়। আমি জানি যে, অতীতে এই ধরণের খেলায় সবসময় জয়ের একটা উপায় বের করেছি আমরা, কিন্তু আজ সেটা পারিনি।”
“আমাদের অনেক কিছুতেই অসুবিধা হচ্ছে, কিন্তু খেলোয়াড়রা ফিরে আসছে এবং আমি অনেক কিছুতেই অবিশ্বাস্যভাবে মনোবল দেখেছি।”
আগামী রোববার লিগ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে সিটি। তার আগে বুধবার লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসলের বিপক্ষে লড়বে তারা।
