মেসি বললেন ‘সময়টা কঠিন’, মায়ামিতে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন
সময়টা ভালো কাটছে না ইন্টার মায়ামি ও লিওনেল মেসির, এর মধ্যেই নানা আলোচনা চলছে এই ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠের ভেতরে-বাইরে দারুণ সময়ই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু হঠাৎ হানা দিয়েছে দুঃসময়। মায়ামি যেন জিততে ভুলে গেছে। মেসি নিজেও যেন স্রেফ ছায়া হয়ে আছেন কয়েক ম্যাচ ধরে। বাজে সময়ের হাওয়া অনুভব করছেন তিনি নিজেও। তবে তা কাটিয়ে ওঠার প্রত্যয়ও শুনিয়েছেন অধিনায়ক। যদিও এই ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আনা আলোচনা চলছে এসবের মধ্যেই।
মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে ইন্টার মায়ামি ঘরের মাঠে ৩-০ গোলে হেরে যায় ওরল্যান্ডো সিটির কাছে। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও গোলের তেমন সম্ভাবনা জাগাতে পারেননি মেসি, লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতসরা।
ফ্লোরিডা ডার্বিতে দুই বছর ও চার ম্যাচ পর ওরল্যান্ডোর কাছে হারল তারা। মেসিকে নিয়ে রাজ্য প্রতিদ্বন্দ্বিদের কাছে তাদের হার এই প্রথমবার।
শুধু এই ম্যাচেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে মায়ামি হেরেছে পাঁচটিতেই। নতুন কোচ ও মেসি-সুয়ারেসদের সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো দায়িত্ব নেওয়ার পর শুরুটা ভালো হলেও এখন তাদের খেলায় সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে, রক্ষণভাগ একদমই অগোছালো। সবশেষ তিন ম্যাচে হারা হজম করেছে ১০ গোল।
গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জয় করা দল এবার ১২ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নেমে গেছে ছয় নম্বরে।
ওরল্যান্ডের কাছে হারার পর মেসি প্রত্যয় শোনালেন এই দুঃসময়কে পেছনে ফেলার।
“সময়টা কঠিন, তবে আমরা তা কাটিয়ে উঠব। এখনই আসল সময় এটা দেখানোর যে, আমরা দল হিসেবে কতটা একতাবদ্ধ। কঠিন সময় যাচ্ছে আমাদের।”
“যখন সবকিছু মসৃণভাবে চলতে থাকে, তখন সবকিছুই খুব সহজ থাকে। কিন্তুকঠিন সময় যখন আসে… যেমন এখন চলছে… এখনই যে কোনো সময়ের চেয়ে বেশি একতাবদ্ধ থাকতে হবে আমাদের। সত্যিকারের দল হিসেবে লড়ে এটাকে পেছনে ফেলতে হবে।”
আগামী মাসে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। এই সময়ে দলের এমন বাজে অবস্থা ভাবাচ্ছে মেসিকেও। ক্লাবের বৈশ্বিক আসর শুরুর আগেই তাই গুছিয়ে উঠতে চান মেসি।
“বেশ কয়েক ম্যাচ খারাপ ফলাফল হচ্ছে আমাদের। তবে আমাদের কাজ করে যেতে হবে এবং সামনের সময়টা নিয়ে ভাবতে হবে। মে মাসে তিন-চারটি ম্যাচ বাকি আছে আমাদের। চেষ্টা করতে হবে সম্ভাব্য সেরাভাবে এই ম্যাচগুলি শেষ করে ক্লাব বিশ্বকাপে ভালোভাবে যাওয়া।”
ক্লাবের এই দুঃসময়ের মধ্যে নানা গুঞ্জন চলছে এখানে মেসির ভবিষ্যৎ নিয়েও। আর্জেন্টাইন মহাতারকার আড়াই বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই। যদিও ইন্টার মায়ামি পরিষ্কার করে দিয়েছে যে, কিংবদন্তিকে ছাড়ার কোনো ইচ্ছে তাদের নেই। অন্তত ২০২৬ সাল পর্যন্ত তাকে রাখতে চায় ক্লাবটি। তবে মেসির পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও মায়ামিতে এখন সঙ্গী জর্দি আলবা গত সপ্তাহে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ২০২৭ পর্যন্ত। মায়ামির কোচ মাসচেরানোর আশা, পুরোনো বন্ধু মেসিকেও তিনি ধরে রাখতে পারবেন।
“আশা করি, কয়েক সপ্তাহের মধ্যেই লিওকে নিয়ে কিছু খবর আমরা জানাতে পারব। এই ক্লাবের জন্য, মেজর লিগ সকারের জন্য ও সমর্থকদের জন্য এটা হবে খুবই গুরুত্বপূর্ণ।”
