২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল সমর্থকদের ছয় আঙুলের ইশারায় জবাব দিয়ে গুয়ার্দিওলা বললেন, ‘এটা আশা করিনি’

অ্যানফিল্ডে লিভারপুলের সমর্থকদের কাছ থেকে এমন কিছু আশা করেননি, বললেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 01:39 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

মানুষের চরিত্রের চাপা থাকা অনেক দিক উন্মোচিত হয়ে পড়ে দুঃসময় আর প্রবল চাপে। পেপ গুয়ার্দিওলার ক্ষেত্রেও যেমন দেখা গেল। অ্যানফিল্ডে রোববার লিভারপুলের সমর্থকেরা গান আর স্লোগান ধরেছিলেন, “কাল সকালেই তোমাকে বরখাস্ত করা হবে…।” সেসব শুনে গুয়ার্দিওলা শুরুতে হাসলেন। তবে এড়িয়ে যেতে পারলেন না। এক পর্যায়ে গ্যালারির দিকে ছয় আঙুল উঁচিয়ে দেখালেন। বোঝাতে চাইলেন, ম্যানচেস্টার সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা তিনি জিতেছেন।

শুধু ইশারায় নয়, ম্যানচেস্টার সিটি কোচ পরে জবাব দিলেন মুখেও। অ্যানফিল্ডে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া তার কাছে ছিল অপ্রত্যাশিত।

প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী দুই দলের লড়াইয়ে এ দিন গুয়ার্দিওলার দলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লিভারপুল।

গুয়ার্দিওলার কাটা ঘায়ে নুনের ছিটার মতো ছিল যেন লিভারপুল সমর্থকদের ওই স্লোগান। এমনিতে আরও ম্যাচ হারলেও ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করার সামান্যতম সম্ভাবনাও নেই। কোচ নিজেও তা জানেন। কিন্তু অ্যানফিল্ডে দর্শকদের এমন আচরণ তাকে অবাক করেছে। 

“যে স্টেডিয়ামেই যাই, সবাই চায় আমাকে বরখাস্ত করা হোক। কিন্তু আমি এখনও দায়িত্বে আছি, কারণ ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছি। তবে এখানে, অ্যানফিল্ডে এটা আশা করিনি ১-০ হওয়ার পর তারা এটা করেনি, ২-০ হওয়ার পর করেছে।” 

“আশা করিনি, তারা এরকম স্লোগান দেবেন। হয়তো বরখাস্ত হওয়াই আমার প্রাপ্য। তাদের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তবে সমস্যা নেই। এসব খেলারই অংশ। আমরা জিতলে আমরা আমরা হাসব, আমরা হারলে তারা হাসবে, এসবই স্বাভাবিক এবং মেনে নিতেই হবে। অসাধারণ সব লড়াই আমরা লড়েছি। তাদের জন্য আমার সম্মান আছে।”

দলের দুঃসময়কে আড়াল করার চেষ্টা অবশ্য করছেন না গুয়ার্দিওলা। বেশ কয়েকজন ফুটবলারের চোটে জেরবার সিটি এই নিয়ে টানা সাত ম্যাচে জয়ের দেখা পেল না সব প্রতিযোগিতা মিলিয়ে। এর মধ্যে ছয়টিতেই হেরেছে তারা। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারল তারা ২০০৮ সালের অগাস্টের পর প্রথমবার। 

এই বাজে সময়টাই কোচকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে। তার কোচিংয়ে যে ক্লাব হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, এই দুর্দিনে তাদেরকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করছেন না তিনি। 

“একটা সময় ছিল, মনে হতো যে কোনো ম্যাচই আমরা হারতে পারি না। এখন টানা ছয় বা সাত ম্যাচ হারলাম… ওয়াও, অনেক বেশিই এটা। তবে এটাই বাস্তব। মেনে নিতেই হবে। আমি বাস্তবিক মানুষ। হতাশায় মুষড়ে পড়িনি।”

“আমি যখন বিপদে পড়েছি, আমার বাবা-মা তো আমাকে ছেড়ে যাননি। সবসময় পাশে ছিলেন। এই ক্লাব নিয়েও একই রকম অনুভূতি আমার। এই ফুটবলারদের পাশে থাকতে চাই। যখন অনুভব করব যে কাজটা করতে পারছি না, ক্লাবের সঙ্গে তখন কথা বলব। তবে নিজের করণীয় জানা আছে আমার। জীবন সবসময় নিখুঁত নয়। আমরা যতটা শক্তিশালী ছিলাম, এখন আর ততটা নেই। এটাই বাস্তব।”

কিছুদিন আগে গুয়ার্দিওলা বলেছিলেন, লিভারপুলের কাছে হারলে শিরোপা ধরে রাখার সম্ভাবনা একরকম শেষ হয়ে যাবে তাদের। সিটি সত্যিই হেরে যাওয়ার পর তাদের চেয়ে এখন ১১ পয়েন্টে এগিয়ে লিভারপুল। 

তবে গুয়ার্দিওলা এখনই হাল ছাড়ছেন না। শিরোপা লড়াইয়ের কথা তিনি সরাসরি বলছেন না। তবে তার বিশ্বাস, চোটাক্রান্ত ফুটবলাররা মাঠে ফিরলে সিটির দুঃসময় দূর হতে পারে। 

“তাদেরকে (লিভারপুল) অভিনন্দন জানাই। আমাদেরকে শূন্য থেকে শুরু করতে হবে আবার। বিশ্বাস করা কঠিন। তবে আমরা নতুনভাবে শুরু করব ও ভালোভাবে ছুটে চলার চেষ্টা করব। বাস্তবতা মেনে নিতে হবে আমাদের এবং ঘুরে দাঁড়াতে হবে। ম্যাচের আগেও বলেছি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলার অবস্থা আমাদের নেই এখন। তবে মৌসুম অনেক লম্বা।”

“ওদেরকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি। আমার ফুটবলারদের ফিরে পেতে চাই। ওদের ওপর অনেকটা নির্ভর করি আমি। এই ফুটবলাররা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছে। আমি তাই চেষ্টা করতে পারি সমাধান বের করার। আমার মনে হচ্ছে, এই অবস্থা থেকেও কিছু একটা গড়ে তুলতে পারি আমরা। হয়তো ভাবতে পারেন, কোনো মোহে আছি আমি। তবে আমার মনে হয় আমরা পারব।”