১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউরোর টুর্নামেন্ট সেরা রদ্রি

আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 04:37 AM

Updated : 26 Aug 2026, 10:00 AM

ফাইনালের প্রথমার্ধ শেষে হাত দিয়ে মুখ ঢেকে মাঠ থেকে বেরিয়ে যান রদ্রি। শঙ্কা জাগে তখনই। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে না ফেরায় স্পষ্ট হয়ে যায়, চোট ছোবল দিয়েছে তাকে। তবে তার আগে, আসরজুড়ে যেভাবে তিনি খেলেছেন, মাঝমাঠে সুর বেঁধে দিয়েছেন, দলে প্রভাব রেখেছেন, সেসবই তাকে এনে দিল এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেরার স্বীকৃতি।

বার্লিনে রোববারের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চারবার ইউরো জয়ের কীর্তি গড়ে স্পেন।

চ্যাম্পিয়ন হওয়ার পথে আসরে সাত ম্যাচের সবগুলোই জিতেছে স্প্যানিশরা। আর সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মিডফিল্ডার রদ্রি।

সাত ম্যাচে তিনি খেলেছেন মোট ৫২১ মিনিট। গোল করেছেন একটি- শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে।

ম্যানচেস্টার সিটির এই তারকা আসরে পাস দেওয়ার চেষ্টা করেছেন মোট ৪৩৯টি। এর মধ্যে পাস সম্পন্ন করেছেন ৪১১টি। সফল পাসের হার ৯২.৮৪ শতাংশ।    

আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। মোট ৫০৭ মিনিট খেলে একটি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার এই উইঙ্গার।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান ইয়ামাল। সেমি-ফাইনালে ফ্রান্সের জালে বল পাঠিয়ে প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন তিনি। ফাইনালে আগের দিন ১৭ বছর পূর্ণ হয় তার বয়স। শিরোপা লড়াইয়ে তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন আরেক তরুণ নিকো উইলিয়ামস।

গোল্ডেন বুট যৌথভাবে ৬ জনের

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন