১ ম্যাচ নিষিদ্ধ এমবাপে
মারাত্মক ফাউল করেও শাস্তি ‘কম পাওয়াটা’ ফরাসি ফরোয়ার্ড ও তার দলের জন্য ইতিবাচক।
কিলিয়ান এমবাপে ও তার দল এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। কারণ, সবশেষ ম্যাচে মারাত্মক ফাউল করার পরও মাত্র এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
লা লিগায় গত রোববার আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার চার মিনিট পরই ওই কাণ্ড ঘটান এমবাপে। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের আন্তোনিয়ো ব্লাঙ্কোকে বিপজ্জনক ফাউল করে বসেন তিনি।
রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান।
ঘটনার দুদিন পর মঙ্গলবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এই ফরাসি ফরোয়ার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির কথা জানায়। ফলে আগামী রোববার লিগে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচটিই কেবল খেলতে পারবেন না তিনি।
রেয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় ওই ম্যাচে ডাগআউটে দায়িত্বে ছিলেন তার ছেলে ও সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। এমবাপের অমন হঠকারিতায় হাত ছুঁড়ে হতাশা প্রকাশ করেন তিনি। ব্লাঙ্কোর পা ভেঙেও যেতে পারত।
নিজের ভুল বুঝতে পেরে ম্যাচের পর ব্লাঙ্কোর কাছে ক্ষমা চান এমবাপে। আলাভেসের এই স্প্যানিশ ফুটবলারও তাকে ক্ষমা করে দেন।
“সত্যি বলতে, চ্যালেঞ্জটা বেশ মারাত্মক ছিল, কিন্তু ফুটবলে এমন ঘটনা ঘটে। কিলিয়ান ক্ষমা চেয়েছে এবং এটাই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই।”
৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
