২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বায়ার্ন এখনও বিপজ্জনক’, তাই সতর্ক আনচেলত্তি

মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে না পারলেও বায়ার্ন মিউনিখ এখনও সমীহ জাগানিয়া দল বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

হতাশাজনক এক মৌসুম কাটছে বায়ার্ন মিউনিখের। জার্মান কাপ থেকে আগেভাগে বিদায়ের পর বুন্ডেসলিগার শিরোপাও ধরে রাখতে পারেনি তারা। তবে দলটি এখনও অনেক শক্তিশালী বলে মনে করেন কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে টমাস টুখেলের দলকে নিয়ে তাই সতর্ক রেয়াল মাদ্রিদ কোচ।

শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার বায়ার্নের মাঠে খেলবে রেয়াল। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী রেয়ালের এবার লা লিগা শিরোপা জেতাও অনেকটা নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে শেষ আটের ফিরতি লেগে টাইব্রেকারে হারায় তারা। ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা ফাইনালে উঠবে বলেই এখন মনে করছে অনেকে।

সংবাদ সম্মেলনে সোমবার আনচেলত্তি বললেন, সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে তাদের। অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে না পারলেও বায়ার্ন এখনও সমীহ জাগানিয়া দল বলে মনে করেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। 

“সবাই বিশ্বাস করে যে, আমরা ফাইনালে উঠব? আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, আমরা জানি আমরা জিততে পারব, কিন্তু আমাদের বায়ার্নকে সম্মান করতে হবে। মৌসুমে তারা সেরা সময়ে ছিল না, কিন্তু তারা এখনও বিপজ্জনক।”

“আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে আত্মবিশ্বাসী, যাদের বুন্ডেসলিগা ভালো কাটেনি, কিন্তু আর্সেনালকে ছিটকে দিয়েছে (চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে)। ইউরোপের খুব শক্তিশালী একটি দলকে বিদায় করে এখানে এসেছে তারা।”

২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রেয়াল। তখন রেয়ালে প্রথম মেয়াদে কোচ ছিলেন আনচেলত্তি। স্বাভাবিকভাবেই তাই আলোচনায় আসছে আট বছর আগের ওই ম্যাচ। তবে অতীত নিয়ে ভাবতে চান না আনচেলত্তি।

“২০১৪ সালে বায়ার্নকে হারানো? অতীতে যা ঘটেছে, দুর্দান্ত গল্প ছিল। কিন্তু আগামীকাল অন্য গল্প হবে। এটি প্রথম লেগ, যেখানে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলব।”