২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

জয়ে নেশন্স লিগ শুরু ইংল‍্যান্ডের

ইউরোর ফাইনালের পর নিজেদের প্রথম ম‍্যাচ খেলতে নেমে প্রথমার্ধের দুই গোলে রিপাবলিক অব আয়ারল‍্যান্ডকে হারিয়েছে ইংল‍্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 12:02 AM

Updated : 26 Aug 2026, 10:25 AM

ডেকলান রাইস ও জ‍্যাক গ্রিলিশের পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিলেন দর্শকরা। একটা সময় পর্যন্ত এই দুই মিডফিল্ডার খেলতেন রিপাবলিক অব আয়ারল‍্যান্ডের হয়ে। এখন তারা আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছেন ইংল‍্যান্ডের। আয়ারল‍্যান্ডের বিপক্ষে দলের জয়ে ব‍্যবধান গড়ে দিলেন এই দুজনই!

উয়েফা নেশন্স লিগে শনিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে ইংল‍্যান্ড। 'বি' লিগের দুই নম্বর গ্রুপের ম‍্যাচে রাইস দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ।

ইউরোর গত আসরের ফাইনালে স্পেনের বিপক্ষে হারার পর এটাই ইংল‍্যান্ডের প্রথম ম‍্যাচ। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলিরও যাত্রা শুরু হলো এই ম‍্যাচ দিয়ে। সেখানে দুই অর্ধে দুই রকম ফুটবল খেলল ইংল‍্যান্ড।

প্রথমার্ধে তাদের আক্রমণের তোড়ে সেভাবে সুবিধা করতে পারেনি আয়ারল‍্যান্ড। আর দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবলে এর জবাব দেয় স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে ব‍্যর্থতায় পায়নি জালের দেখা। 

ডাবলিনে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় আয়ারল‍্যান্ড। কর্নার থেকে সতীর্থের ফ্লিক দূরের পোস্টে পেলেও অরক্ষিত জেয়সন মোলাম্বি হেড লক্ষ‍্যে রাখতে পারেননি।

চার মিনিট পর নিজেদের প্রথম সুযোগ পায় ইংল‍্যান্ড। ট্রেন্ট অ‍্যালেকজান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে পেনাল্টি স্পটের কাছে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি হ‍্যারি কেইন। 

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম‍্যাচে একাদশ মিনিটে এগিয়ে যায় ইংল‍্যান্ড। অ‍্যালেকজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গোলের জন‍্য চেষ্টা করেন অ‍্যান্থনি গর্ডন। সেটি ব‍্যর্থ করে দেন গোলরক্ষক কিভিন কেলাহার। ফিরতি বলে কেইনের চেষ্টাও ব‍্যর্থ হয় একজন ব্লক করায়। আলগা বল পেয়ে ১২ গজ দূর থেকে জাল খুঁজে নেন রাইস।

বয়সভিত্তিক দল পেরিয়ে ২০১৮ সাল পর্যন্ত আয়ারল‍্যান্ডের হয়ে তিনটি ম‍্যাচ খেলা আর্সেনাল মিডফিল্ডার গোল করে উদযাপন করেননি। 

পঞ্চদশ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান কেইন। খুব কাছ থেকেও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার পরাস্ত করতে পারেননি আয়ারল‍্যান্ড গোলরক্ষক কেলাহারকে।

২৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ। রাইসের কাটব‍্যাক ডি বক্সের মাথায় পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ম‍্যানচেস্টার সিটি মিডফিল্ডার। 

অনূর্ধ্ব-২১ পর্যায় পর্যন্ত আয়ারল‍্যান্ডের প্রতিনিধিত্ব করা গ্রিলিশ অবশ‍্য মাতেন উদযাপনে। ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপে দর্শক হয়ে থাকায় হয়তো তার আনন্দ একটু বেশিই ছিল।  

বিরতির পর ইংল‍্যান্ডের গতি অনেকটাই পড়ে যায়। একের পর এক আক্রমণে সফরকারীদের কাঁপিয়ে দেয় আয়ারল‍্যান্ড। 

৫৯তম মিনিটে ব‍্যবধান প্রায় কমিয়েই ফেলেছিল তারা। চিডোজি ওগবেনের কাছ থেকে বল পেয়ে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি স‍্যামি স্মডিক্স। দুই মিনিট পর ভালো জায়গা থেকেও বাইরে মেরে দলকে হতাশ করেন মোলাম্বি। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন জ‍্যারড বাউয়েন। খুব থেকে তার শট ঠেকিয়ে দেন আয়ারল‍্যান্ড গোলরক্ষক। কয়েক সেকেন্ড পর বুকায়ো সাকার বাঁকানো শটও ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন তিনি। ম‍্যাচে তার সপ্তম সেভে ব‍্যবধান আর বাড়েনি।

আগামী বুধবার ফিনল‍্যান্ডের বিপক্ষে খেলবে ইংল‍্যান্ড। সেদিনই গ্রিসের মুখোমুখি হবে আয়ারল‍্যান্ড।