অনেক পরিবর্তন এনে বিশ্বকাপে যাচ্ছে মরক্কো
অভিজ্ঞদের সঙ্গে কয়েকজন নতুন খেলোয়াড়ও দলে টেনেছেন ওয়াহবি।
চোটের ছোবলে গত মার্চ থেকে মাঠের বাইরে আছেন নায়েফ আগুর্দ। তবুও এই সেন্টার-ব্যাককে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে মরক্কো।
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য বুধবার ২৬ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ মোহামেদ ওয়াহবি। দলে জায়গা হয়নি কাতার বিশ্বকাপে দুটি গোল করা এবং জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলা স্ট্রাইকার ইউসুফ এন-নেসিরির।
২০২২ আসরে ওয়ালিদ রেগরাগির কোচিংয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার রেকর্ড গড়ে মরক্কো। তারপরও তিনিই দায়িত্বে ছিলেন। কিন্তু গত মার্চে হঠাৎ করেই মানসিক চাপকে কারণ দেখিয়ে সরে দাঁড়ান রেগরাগি।
তার উত্তরসূরি হয়ে এবার বেশ কিছু পরিবর্তন এনে বিশ্বকাপের স্কোয়াড সাজালেন ওয়াহবি।
পুরনো সৈন্যদের মধ্যে অনেক নাম অবশ্য এই দলেও আছে- অধিনায়ক আশরাফ হাকিমি, আগুর্দ, ডিফেন্ডার নুসাইর মাজরাউই ও মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত।
অভিজ্ঞদের সঙ্গে কয়েকজন নতুন খেলোয়াড়ও দলে টেনেছেন ওয়াহবি। যেমন ডাক পেয়েছেন কিছুদিন আগে মরক্কোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার অনুমতি পাওয়া তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্স বয়সভিত্তিক ফুটবলের অনেক বিভাগেই খেলেছেন তিনি, পরে বেছে নেন মরক্কোকে।
আগামী ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর। ‘সি’ গ্রুপের অন্য দুই দল স্কটল্যান্ড ও হাইতি।
