ফাইনালে স্বাগতিক নেপালকে পেল বাংলাদেশ
গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করে দিয়ে ফাইনালে উঠেছে নেপাল।
শেষের বাঁশি বাজতেই দশরথ স্টেডিয়ামের গ্যালারি কেঁপে উঠল নেপালের সমর্থকদের উল্লাসে। হতাশায় মুখ লুকালেন আঞ্জু তামাং-আশালতারা। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করে ফাইনালে উঠল নেপাল।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে নেপাল।
প্রথমার্ধের শেষ দিকে প্রিতি রায়ের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন রশ্মি কুমারী ঘিসিং। গোলটি আগলে রেখে জয়ের আনন্দে মাঠ ছাড়ে নেপাল।
শুক্রবারই প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠে বাংলাদেশ। ভুটানের জালে হ্যাটট্রিক উপহার দেন সাবিনা খাতুন। একটি করে গোল করেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়ির আসরে প্রথম ফাইনাল খেলেছিল দল।
গত পাঁচ আসরে নেপাল চারবার রানার্সআপ হয়েছিল ভারতের কাছে হেরেই। পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা।
আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম শিরোপার লক্ষ্যে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
