চেলসি থেকে ইউনাইটেডে ‘যাচ্ছেন’ মাউন্ট
গণমাধ্যমের খবর, পাঁচ বছরের চুক্তিতে মাউন্টকে দলে নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অনেকদিন ধরেই ম্যাসন মাউন্টকে নিয়ে চেলসির সঙ্গে দর কষাকষি চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। অবশেষে এই মিডফিল্ডারকে দলে যোগ করতে ‘সক্ষম’ হয়েছে ইউনাইটেড। গণমাধ্যমের খবর, চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা।
বেশ কয়েকটি ইংলিশ সংবাদ মাধ্যম বৃহস্পতিবার জানায়, পাঁচ বছরের চুক্তিতে মাউন্টকে দলে ভেড়াচ্ছে ইউনাইটেড। এবারের গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ এই ফুটবলারই হতে যাচ্ছেন ক্লাবটির প্রথম নতুন খেলোয়াড়।
২৪ বছর বয়সী মাউন্টকে দলে টানতে ইউনাইটেডের প্রথম দুই দফার প্রস্তাব ফিরিয়ে দেয় চেলসি। তৃতীয় প্রস্তাবে রাজি হয় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
গণমাধ্যমের খবর, মাউন্টের ট্রান্সফার ফি ৫ কোটি ৫০ লাখ পাউন্ড। সঙ্গে যোগ হতে পারে আরও ৫০ লাখ পাউন্ড।
চেলসির একাডেমিতে বেড়ে ওঠা মাউন্ট ২০১৭ সালে প্রথমবার সুযোগ পান দলটির মূল দলে। এরপর থেকে লন্ডনের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৩৩ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ৩৭টি।
চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে মাউন্টের।
ব্রুনো ফের্নান্দেস, কাসেমিরো, ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে এমনিতেই ইউনাইটেডের মাঝমাঠ বেশ শক্তিশালী। এবার মাউন্টের দলটিতে যোগ দেওয়ায় সেই শক্তি বাড়ল আরও।
