২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সেই ক্লাসিকো আর এই ক্লাসিকোর মাঝে বার্সেলোনার উত্থান

অক্টোবরে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর দারুণ গতিতে ছুটছে হান্সি ফ্লিকের দল।

সেই ক্লাসিকো আর এই ক্লাসিকোর মাঝে বার্সেলোনার উত্থান
দারুণ ছন্দে আছে বার্সেলোনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 08:36 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

রেয়ালের মাদ্রিদের বিপক্ষে সবশেষ ক্লাসিকো আর স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালের অপেক্ষায় থাকা বার্সেলোনা যেন সম্পূর্ণ ভিন্ন দুই দল। সেই লড়াইয়ে ছিলেন না গুরুত্বপূর্ণ সাত জন খেলোয়াড়, ডাগআউটে ছিলেন না কোচ হান্সি ফ্লিক। সান্তিয়াগো বের্নাবেউয়ে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। পারফরম‍্যান্সের দারুণ উন্নতি করে ফিরেছে আপন চেহারায়। 

আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। 

গত অক্টোবরে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলের সেই হারের পর থেকে লা লিগায় টানা ৯ ম‍্যাচে জিতেছে বার্সেলোনা। চোট কাটিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় ফিরেছেন মাঠে। প্রায় পূর্ণ শক্তির দলই নামাতে পারছেন কোচ ফ্লিক। 

পোস্টে ফিরেছেন আস্থার প্রতীক হয়ে ওঠা হোয়ান গার্সিয়া। ফিরেছেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও দানি ওলমো। নেই কেবল মার্ক-আন্ড্রে টের স্টেগেন, গাভি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রোনাল্দ আরাউহো। দলের সঙ্গে সৌদি আরবে আছেন উরুগুয়ের ডিফেন্ডার আরাউহো। তবে ফাইনালের স্কোয়াডে থাকবেন না তিনি। 

ডাভিড আলাবা, আন্টোনিও রুডিগার, ট্রেন্ট অ‍্যালেকজান্ডার-আর্নল্ড, এদের মিলিতাও ও ব্রাহিম দিয়াসকে পাচ্ছেন না রেয়াল কোচ শাবি আলোন্সো। তবে ডিন হাউসেন, দানি কার্ভাহাল ও দানি সেবাইয়োসকে ফিরে পেয়েছেন তিনি।

স্প‍্যানিশ গণমাধ‍্যমে খবর এসেছিল, চোটের জন‍্য সুপার কাপের পুরোটা থেকেই ছিটকে গেছেন কিলিয়ান এমবাপে। তাকে ছাড়াই দল ঘোষণা করেছিল রেয়াল। তবে চলতি মৌসুমে ২৯ ম‍্যাচে ২৪ গোল করা ফরাসি ফরোয়ার্ড যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ফাইনালে তার খেলা নিশ্চিত নয় এখনও। ছোটখাট সমস‍্যা আছে রাউল আন্সেসিও ও রদ্রিগোর।

অক্টোবরের ক্লাসিকোর পর দুই দলই খেলেছে ১৪টি করে ম‍্যাচ। এর ১২টিতে জিতেছে বার্সেলোনা, একটিতে ড্র করেছে এবং হেরেছে একটিতে। অন‍্য দিকে, রেয়াল জিতেছে আটটিতে, ড্র করেছে ও হেরেছে তিনটি করে ম‍্যাচে। 

লা লিগায় এক সময়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকা রেয়াল এখন ৪ পয়েন্টে পিছিয়ে। চ‍্যাম্পিয়ন্স লিগে হেরেছে লিভারপুল ও ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে। ক্লাসিকোর পর ৪০ গোল করেছে বার্সেলোনা আর রেয়াল করতে পেরেছে ২৯টি।

সৌদি আরবে এই নিয়ে টানা চতুর্থ সুপার কাপ ফাইনালে খেলবে রেয়াল ও বার্সেলোনা। ২০২৩ ও ২০২৫ সালে জিতেছে বার্সেলোনা, ২০২৪ সালে রেয়াল। গত বছর ইউরোপের সফলতম দলটিকে ৫-২ গোলে হারিয়েছিলেন রাফিনিয়া, ইয়ামালরা। এবার আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। চোট নিয়ে অনেক সমস‍্যা থাকলেও রোমাঞ্চকর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে রেয়াল।