আর্থিক বনিবনা না হওয়ায় জামাল নেই আবাহনীতে
২০২৪-২৫ মৌসুমের দলবদলে কোনো ক্লাবে জায়গা হয়নি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।
গত মৌসুমের মতো এবারও আবাহনীতে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার, কিন্তু দলবদলের শেষ দিনে দুই পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা হয়নি। ফলে, ২০২৪-২৫ মৌসুমের দলবদল শেষে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের জায়গা হয়নি আবাহনীতে। শেষ পর্যন্ত কোনো ক্লাবেই যোগ দিতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে ফিফা তিন দিন সময় বাড়িয়েছিল দলবদলের। তাতে ১৯ অগাস্টের বদলে তা শেষ হয় ২২ অগাস্ট। নানা অনিশ্চয়তার মধ্যে অনেকে ঠিকানা খুঁজে নিতে পারলেও জামাল পারেননি।
আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়ো থেকে আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। এবারও আকাশী-নীল জার্সিধারীদের সাথেই ৩৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের থাকার কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে।
সেই উত্তাপ গিয়ে পড়ে আবাহনী ক্লাবেও। ভাংচুরের শিকার হয় ক্লাবটি। দুস্কৃতীকারীরা চুরি করে নিয়ে যায় দলটির নানা সময়ে জেতা ট্রফিগুলো। নতুন মৌসুমে তাদের দলবদলের বিষয়টিও এক পর্যায়ে পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়।
প্রতিকূলতার মধ্যেও অবশ্য নতুন মৌসুম সামনে রেখে দল গড়ে নিয়েছে আবাহনী। নতুন, পুরোনো মিলিয়ে ৩২ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। বিদেশি ফুটবলার ছাড়াই এবার দল গড়েছে তারা।
চলমান পরিস্থিতিতে ‘আর্থিক সংকট’-এর কারণে জামালের সঙ্গে চুক্তি সম্ভব হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, আবাহনীর টিম ম্যানেজার কাজী নজরুল ইসলাম।
“আপনারা জানেন, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে আবাহনী। এ মুহূর্তে আর্থিক সংকটও আছে। আসলে জামালের যেটা দাবি ছিল (পারিশ্রমিক), সেটা আমরা এ মুহূর্তে পূরণ করতে পারছি না। রাখঢাক করার কিছু নেই, মূলত, আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ার কারণেই জামাল নেই আবাহনীতে।”
