২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাশফোর্ডের সঙ্গে লড়াইকে আলিঙ্গন করছেন রাফিনিয়া

মার্কাস র‌্যাশফোর্ডের আগমনে দলে জায়গা নিয়ে প্রতিযোগিতা বেড়ে গেলেও সেটিকে ক্লাবের জন্য ইতিবাচক বলেই মনে করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা।

র‌্যাশফোর্ডের সঙ্গে লড়াইকে আলিঙ্গন করছেন রাফিনিয়া
নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান রাফিনিয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 01:22 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সের পর রাফিনিয়া এখন বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন। তবে মার্কাস র‌্যাশফোর্ডের আগমন আক্রমণভাগের সবার জন্য একটু সতর্কবার্তাও। পারফরম্যান্সে একটু ভাটার টান এলেই হারাতে হতে পারে জায়গা। দলে এই প্রতিযোগিতাকে অবশ্য ইতিবাচকভাবেই নিচ্ছেন বার্সেলোনার তারকা।

রাফিনিয়া, রবের্ত লেভানদোভস্কি ও লামিনে ইয়ামালকে নিয়ে গড়া আক্রমণভাগ গত মৌসুমে প্রতিপক্ষের জন্য ছিল আতঙ্ক। এবার সেখানে যোগ হয়েছেন র‌্যাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড সম্প্রতি ধারে যোগ দিয়েছেন কাতালান ক্লাবটিতে। 

দিয়ারিও স্পোর্তকে রাফিনিয়া বললেন, প্রতিযোগিতা বাড়ায় উপকার হবে ক্লাবেরই। 

“এই জার্সি গায়ে মাঠে নামলে, এই ক্লাবের হয়ে খেললে সব ধরনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার মতে, দলের ভেতর (জায়গা নিয়ে) যত লড়াই থাকবে, ততই ভালো। প্রতিযোগিতা থাকলে একজন আরেকজনের উন্নতিতে সহায়তা করে এবং শিরোপা জিততে চাইলে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে বড় অবদান ছিল রাফিনিয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি সহায়তা করেন তিনি ২৫ গোলে। এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়ে তিনি আছেন প্রবলভাবে।

নতুন মৌসুমে নিজেকে আরও ছাড়িয়ে যেতে চান ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। 

“অনুশীলনে ও ম্যাচে সবসময়ই নিজের সেরা ফর্ম পেতে চেষ্টা করি আমি। গত মৌসুমে চেষ্টা করেছি, আগের মৌসুমের চেয়ে ভালো ছিল তা। আগামী মৌসুমেও চেষ্টা করব গতবারের চেয়ে ভালো করতে।”

আরও ভালো করার পথে তার মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়। গত ১০ বছরে ইউরোপ সেরার মঞ্চে সাফল্য পায়নি বার্সেলোনা। এই ক্লাবের জার্সিতে পাঁচটি শিরোপাজয়ী রাফিনিয়াও ক্যারিয়ারে এখনও পাননি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। নতুন মৌসুমে সেই অপেক্ষা ঘুচিয়ে দিতে তিনি মরিয়া। 

“আমার ক্যারিয়ারের ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবেরও লক্ষ্য ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। আমি সবটুকু চেষ্টা করব এটা অর্জন করায় ক্লাবকে সহায়তা করতে। আমি নিশ্চিত, দলের অন্যরাও একইরকম ভাবছে।”

গত মৌসুমের সাফল্যের পুরস্কার তিনি পেয়েছেন কিছুদিন আগে। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে বার্সেলোনা। তবে সেখানেই থামতে চান না রাফিনিয়া, সাফল্যের পথ ধরে ছুটতে চান তিনি এই জার্সি গায়েই। 

“ক্লাব যদি আমাকে নিয়ে খুশি থাকে, যতদিন সম্ভব এখানে থাকতে চাই। অবশ্যই জানি যে, যদি যথেষ্ট ভালো খেলতে না পারি বা অবদান রাখতে না পারি, তাহলে বিদায়ের সময় হয়ে যাবে। তবে আপাতত এখানে আছি এবং শারীরিক ও ট্যাকটিকাল দিক থেকে ভালো অবস্থানে আছি।”