১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেক্সিকোর নতুন কোচ মার্কেস

সাবেক অধিনায়কের কোচিংয়ে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে মেক্সিকো দল।

মেক্সিকোর নতুন কোচ মার্কেস
রাফায়েল মার্কেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 03:56 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। মেক্সিকোর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেস। 

২০৩০ বিশ্বকাপকে নজরে রেখে ৪৭ বছর বয়সী মার্কেসকে নিয়োগ দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়া হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২০২৪ সাল থেকে আগিরের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন মার্কেস। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ষোলোর ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মেক্সিকোর কোচিং স্টাফে ছিলেন তিনি। এবার পেয়ে গেলেন বড় দায়িত্ব।

মার্কেস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ, গোল করেছেন ১৭টি। পাঁচটি বিশ্বকাপে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) মেক্সিকোর অধিনায়ক ছিলেন তিনি। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারের হাত ধরে এখন পরের বিশ্বকাপের প্রস্তুতি নেবে মেক্সিকো।

এত বড় দায়িত্বে আগে কখনো ছিলেন না মার্কেস। বার্সেলোনা ‘বি’ দলকে কোচিং করানোর আগে যুব দলে কাজ করেছেন তিনি।

সেন্টার-ব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন মার্কেস। মেক্সিকোর এই তারকা বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছিলেন।