হোর্হে মেসি: একজন বাবার চেয়েও বেশি কিছু
এক জীবনে পরিবার ও ছেলের জন্য কী করেননি হোর্হে মেসি?
রোসারিওর হোর্হে মেসি কে? এই প্রশ্নের সহজ উত্তর, তিনি লিওনেল মেসির বাবা। কিন্তু তিনি কী স্রেফ বাবা ছিলেন? নাকি আরও অনেক কিছু? পরিবারের জন্য আত্মত্যাগ, ছেলের ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে অবিচল সমর্থন জুগিয়ে যাওয়া, উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, অভাবের দিন পেরিয়ে যখন অর্থের স্রোত হু-হু করে বইতে লাগল, তখন এজেন্টের ভূমিকায় সব সামলানো, এক জীবনে পরিবার ও ছেলের জন্য কী করেননি হোর্হে মেসি?
সেই জীবন প্রদীপ নিভে গেছে চিরতরে। বেশ কিছুদিন ধরে মেসির বাবার অসুস্থতার খবর আসছিল নানা গণমাধ্যমে। মৃত্যুর খবরও এসেছিল, কিন্তু সেগুলো সত্যি হয়নি। কিন্তু শনিবার পরিবারের বরাত দিয়ে মেসির পিতৃহীন হয়ে যাওয়ার খবর দিয়েছে রয়টার্স। মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছে চারদিকে। উঠে আসছে হোর্হের সংগ্রামমুখর দিনগুলোর স্মৃতি।
৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো হোর্হের যে চেহারাটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে, সেটি পরিপাটি, চোখে চশমা পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক। যিনি এজেন্টের কাজ করার পাশাপাশি ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতেন।
অথচ, এই মানুষটির জীবনের একটা বড় অংশ কেটেছে রোসারিওর ধাতব কারখানায়। ১৯৫৮ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া হোর্হে ছিলেন তার ছেলে মেসির সবকিছুর শুরুর সঙ্গী। তিনি স্রেফ বাবা ছিলেন না, ছিলেন তার চেয়েও বেশি কিছু।
বাবার সেই দিনগুলোর স্মৃতি মেসি নিজেও রোমন্থন করেছেন একাধিকবার। বাবার প্রতিদিনের প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, রাত-দিন ঘাম ঝরানোর সময়, সবকিছুই যে দেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি এখন নিজেও বাবা।
“তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তিনি সারা দিন কাজ করতেন এবং আমাদের সাথে বেশি সময় কাটাতে পারতেন না। ভোর চারটায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তেন এবং রাতের খাবারের জন্য বাড়ি ফিরতেন। যখন আমাদের দেখা হতো, তিনি ওই সময়টুকু উপভোগ করতেন। কখনও তিনি আমাকে বকা দেননি। আমি তাকে খুব মিস করতাম। আজ, আমি যথেষ্ট ভাগ্যবান যে, বাচ্চাদের অনেক বেশি সময় দিতে পারছি। তাদের বড় করার ক্ষেত্রে আমি আমার বাবা-মাকে অনুসরণ করার চেষ্টা করি।”
হোর্হের সেই সংগ্রামী দিনগুলোতে সঙ্গী ছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। পরিবারের সবকিছু সামাল দেওয়ার পাশাপাশি চার সন্তান লিওনেল (মেসি), রদ্রিগো, মাতিয়াস ও মারিয়াকে আগলে রাখতে হতো তাকে। দীর্ঘদিন হোর্হে-সেলিয়া দম্পতির প্রচেষ্টা, পরিশ্রমের গল্প জানা ছিল না কারো; আড়ালেই ছিল সবকিছু। লাভায়েসা স্ট্রিটে তাদের ঘরটির কথাও সেভাবে জানত না কেউ। এখান থেকেই আগামী দিনের নাম্বার-১০ মেসির যাত্রা শুরু। প্রথমে গ্রান্দোলিতে এবং এরপর নিওয়েলস ওল্ড বয়েজে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ এবং একই সাথে ইতিহাস বদলে দেওয়া সিদ্ধান্তটি নিয়েছিলেন হোর্হে। ছেলের শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি ধরা পড়ায় দরিদ্র পরিবারটি পড়ে গিয়েছিল মহাবিপাকে। চিকিৎসা ছিল ব্যয়বহুল। বাবার আয়ে কুলায় না। তিনি পথ খুঁজতে লাগলেন কীভাবে ছেলের চিকিৎসার খরচ জোগানো যায়। সে সময়ের স্মৃতিও আওড়েছিলেন তিনি।
“আমি তখন আচিন্দারে কাজ করতাম এবং ফাউন্ডেশনের সাথে কথা বলেছিলাম। তারা সম্মিলিতভাবে আমাদের দুই বছরের খরচ মেটাতে সাহায্য করেছিল। কিন্তু এরপর পরিস্থিতি জটিল হয়ে গেল। কেননা, তারা আর খরচটা বহন করতে পারছিল না।”
এমন দুঃসময়ে খোলে বার্সেলোনার দরজাটি। সুযোগটি ঝুঁকিপূর্ণও ছিল। পরিবারের সবকিছু ফেলে মাত্র ১৩ বছর বয়সী মেসিকে নিয়ে রোসারিও ছেড়ে চলে যেতে হবে স্পেনে। ছেলেকে নিয়ে বাবা রওনা দিলেন বার্সেলোনার উদ্দেশে। ছেলের চিকিৎসা খরচ ইস্যুতে কাতালান ক্লাবটির সাথে আলোচনা করলেন, চুক্তি সারলেন, স্থায়ী হয়ে গেলেন স্পেনে। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত চিরতরে বদলে দেয় মেসির জীবন, হোর্হের জীবন, পরিবারের সবার ভবিষ্যৎ। যে গল্প সবারই কম-বেশি জানা।
মেসি যখন যুব দল থেকে দ্রুতগতিতে উন্নতি করতে লাগলেন, হয়ে উঠতে লাগলেন আগামী দিনের তারকা, হোর্হের ভূমিকাও বদলে যেতে লাগল। এজেন্ট হওয়ার কোনো প্রতিষ্ঠানিক পাঠ, প্রশিক্ষণ কিছুই ছিল না, কিন্তু তিনিই হয়ে গেলেন এজেন্ট! ক্লাবের সাথে চুক্তি, বাণিজ্যিক চুক্তি, আলোচনা-পর্যালোচনা সব বিদ্যা রপ্ত করে নিলেন। মেসির স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় দেখভাল করার দায়িত্ব উঠল তার কাঁধে।
বাবা এবং এজেন্ট, কিন্তু বাপ-বেটার সম্পর্ক ব্যবসায়ী স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ হয়নি কখনই। বরং ফুটবলই ছিল তাদের মধ্যেকার যোগাযোগের মূল ভাষা। মেসির স্মৃতিচারণও তেমনই।
“খেলাধুলা নিয়ে বাবার সাথে আমি অনেক কথা বলি। ক্যারিয়ারজুড়েই তিনি আমার পাশে ছিলেন। ম্যাচ শেষ করে আমি তাকে বার্তা পাঠাতাম বা আমরা কথা বলতাম। ছোটবেলা থেকে আমার সবকিছুতে তার অনুমতি নেওয়ার প্রয়োজন হতো। ম্যাচ শেষ করে আমি তাকে ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করতাম।
বাবা আমাকে অনেক সাহায্য করেছেন। তার নিয়মিত সমালোচনা আমাকে সবসময় আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেছে। তিনি এটাও জানেন যে, আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। মায়ের কাছে আমি সবসময় সেরা ছিলাম, এমনকি যখন খুব খারাপ খেলতাম, তখনও। তিনি সবসময় মনে করতেন, আমি প্রতিটি ম্যাচেই ভালো খেলি; আমার কোনো দোষই নেই। আর সব মায়ের মতোই ছিলেন তিনি।”
হোর্হের অবস্থান ছিল মুদ্রার উল্টোপিঠে। কেবল ছেলের সমালোচকই ছিলেন না তিনি, ছিলেন আশ্রয়, পরামর্শদাতা। চুক্তি সংক্রান্ত নানা বিষয়ে দিনকে দিন তার ভূমিকা আরও বাড়তে থাকে। বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন, ১০ নম্বর জার্সি ঘিরে ব্যবসায়িক লেনদেনের পরিধি বাড়তে থাকে, তাতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে তার ভূমিকা। ছেলেকে এসব থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করার কথাও নানা সময়ে বলেছেন হোর্হে।
“আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করি, সে (মেসি) যেন শুধু খেলার দিকেই মনোযোগ দিতে পারে।”
২০২১ সালে হোর্হে আলোচনায় উঠে আসেন, যখন বার্সেলোনা থেকে মেসিকে বিদায় নিতে হয়। দুই পক্ষের আলোচনায় সেবারও নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সে আলোচনা সমঝোতায় পৌঁছায়নি। প্রিয় আঙিনা ছাড়তে হয় মেসিকে। পরে পিএসজির সাথে আলোচনার অংশ নেন হোর্হে, মেসি পাড়ি জমান ফ্রান্সে। প্যারিস থেকে তার মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করার আলোচনাতেও মুখ্য ভূমিকা ছিল তার বাবার। সেই ছাতাটি এখন সরে গেল মেসির উপর থেকে। যে ছাতাটি রোসারিওর দুঃসময় থেকে তাকে আগলে রেখেছিল ছায়া দিয়ে।
সময়ের পরিক্রমায় হোর্হের ভূমিকা বদলেছে। ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, কোটি কোটি ডলারের চুক্তির মধ্যস্ততায় নামতে হয়েছে এজেন্ট হিসেবে, কিন্তু আত্মীক সম্পর্ক অটুট ছিল আগের মতোই। রোসারিওর দিনগুলোতে ভোরে উঠে রুটি-রুজির সন্ধানে বেরিয়ে পড়া, ছেলের প্রতিটি ম্যাচ দেখে সমালোচনা করা, আর্থিক দিক সামলানো, ঝুঁকিপূর্ণ-সাহসী সিদ্ধান্তগুলো নেওয়া, সব মিলিয়ে হোর্হে ছিলেন মেসির বাবা, এজেন্ট, উপদেষ্টা এবং সেই গুটিকয়েক মানুষের একজন, যার মতামত মেসি মহাতারকা হয়ে ওঠার পরও নিতেন, মানতেন।
