থুতু দিয়ে ক্ষমা চাইলেন সুয়ারেস
নিজের বাজে আচরণের জন্য অনুতপ্ত ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।
লিগস কাপের ফাইনালে হারের পর মেজাজ ধরে রাখতে না পেরে যে অপ্রীতিকর কাণ্ড ঘটিয়েছেন, সেটার জন্য ভীষণ অনুতপ্ত লুইস সুয়ারেস। নিজের বাজে আচরণের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার।
গত সোমবার প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পারেনি মায়ামি। তাদেরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সাউন্ডার্স।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর উল্লাসে মেতে ওঠা সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসের দিকে তেড়ে যান সুয়ারেস। সেটির সূত্র ধরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি লেগে যায়।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ে দেন সুয়ারেস। দুই দলের অনেকের মধ্যেই বাজেভাবে ছড়িয়ে পড়ে হাতাহাতি। যেটি চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে।
ঘটনার চার দিন পর এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের ভুল স্বীকার করলেন ৩৮ বছর বয়সী সুয়ারেস।
“প্রথমত, লিগস কাপের শিরোপা জয়ের জন্য সিয়াটল সাউন্ডার্সকে অভিনন্দন জানাতে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ম্যাচ শেষে আমার আচরণের জন্য আমি ক্ষমা চাই।”
“মুহূর্তটি ছিল অনেক উত্তেজনা ও হতাশার, যেখানে খেলা শেষ হওয়ার ঠিক পরেই অনেক কিছু ঘটে, যা উচিত ছিল না। তবে সেসব আমার (বাজে) আচরণের ন্যায্যতা দেয় না।”
সুয়ারেস বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করার পর এক বিবৃতিতে হাতাহাতির ওই ঘটনার নিন্দা জানিয়েছে ইন্টার মায়ামি।
মাঠে বিশৃঙ্খল আচরণ করে, বিতর্কিত কাণ্ড ঘটিয়ে শিরোনামে আসা সুয়ারেসের জন্য নতুন কিছু নয়। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে তিনবার শাস্তি পেয়েছেন লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড। বর্ণবাদী আচরণের জন্যও তাকে শাস্তি দেওয়া হয়েছিল একবার, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন উরুগুয়ের এই ফুটবলার।
লিগস কাপের ফাইনালের ওই ঘটনায় জড়িত খেলোয়াড়রা কেমন শাস্তি পারে, তা এখনও অজানা।
চলতি মৌসুমে কয়েকদিন পরই আবার সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে আগামী ১৬ সেপ্টেম্বর লড়বে দুই দল।
