পুরোদমে অনুশীলনে ফিরেছেন লুক শ
হ্যামস্ট্রিংয়ের চোটে গত ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে একটি সুখবর। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন লুক শ। ফলে প্রতিযোগিতাটির বাকি অংশে অভিজ্ঞ এই ডিফেন্ডারের খেলার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
হ্যামস্ট্রিংয়ের চোটে গত ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে আছেন শ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার সবশেষ মাঠে নেমেছিলেন লুটন টাউনের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।
চলতি মাসের শুরুতে শ আক্ষেপ নিয়ে বলেছিলেন, লুটন ম্যাচে খেলা উচিত হয়নি তার, “কোচ যদি আমাকে খেলতে বলে, আমি কখনোই ‘না’ বলব না। কিন্তু আমার লুটনে খেলা উচিত হয়নি। বলা যায়, এটা সবারই দোষ। কিছুটা আমার দোষ, কিছুটা ইউনাইটেডের মেডিকেল স্টাফদের।”
“(আগের চোট কাটিয়ে)আমি খুব দ্রুত ফিরে এসেছিলাম এবং সেকারণেই আরেকটি চোট পেয়ে বসি হ্যামস্ট্রিংয়ে... ইউনাইটেডের জন্য দ্রুত ফিট হতে সম্ভব সবকিছু করার জন্য নিজেকে চাপ দিয়েছিলাম।”
চোট থাকার পরও ইউরোর স্কোয়াডে ঠিকই ২৮ বছর বয়সী শ-কে রাখেন কোচ গ্যারেথ সাউথগেট। সার্বিয়া ও ডেনমার্ক ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি। অবশেষে দলের সঙ্গে অনুশীলনে ফেরায় এই লেফট-ব্যাককে শিগগিরই ম্যাচে পাওয়ার আশা করতে পারে ইংল্যান্ড।
ইউরোর শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে ইংল্যান্ড। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে তারা। স্লোভেনিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠে যাবে গত আসরের রানার্সআপরা। এমনকি হারলেও সুযোগ থাকবে তাদের, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল পক্ষে আসতে হবে।
