১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদ নিয়ে ভাবছেন না ফ্লিক

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব কিংবা তাদের কোচ শাবি আলোন্সো নয়, বার্সেলোনা কোচের ভাবনাজুড়ে কেবলই বার্সেলোনা।

রেয়াল মাদ্রিদ নিয়ে ভাবছেন না ফ্লিক
বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও সময় ভালো কাটছে না রেয়াল মাদ্রিদের। ইউরোপের সফলতম ক্লাবটির দুর্গ হিসেবে পরিচিত সান্তিয়াগো বের্নাবেউ যেন এখন আর ভীতি জাগাতে পারছে না। স্বস্তিতে নেই দলটি, টালমাটাল অবস্থা কোচ শাবি আলোন্সোর। এসব নিয়ে কী ভাবছেন হান্সি ফ্লিক? বার্সেলোনা কোচের পরিষ্কার জবাব, এগুলো তার ভাবনার ব্যাপার নয়।

গত মাসের প্রথম সপ্তাহেও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রেয়াল। বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল তারা। এরপর, তাদের একের পর এক বাজে ফল আর স্প্যানিশ চ্যাম্পিয়নদের টানা জয়ে পাল্টে গেছে চিত্র। 

১৬ রাউন্ড শেষে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আলোন্সোর দল।

লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে রেয়ালের অর্জন কেবল ৬ পয়েন্ট। টানা তিন ড্রয়ের পর জিততে পারে এক ম্যাচ। পরেরটিতে আবার হেরে বসে তারা। 

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে রেয়াল। ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। 

গোলের পর গোল করে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। কিন্তু আক্রমণভাগের অন্য দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো ঠিক ছন্দে নেই। টানা ১২ ম্যাচ ধরে গোল পাচ্ছেন না ভিনিসিউস। আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সবশেষ ৩৩ ম্যাচে করতে পেরেছেন কেবল ১ গোল। 

দলের বাজে অবস্থায় আলোন্সোর ওপর চাপ ধীরে ধীরে বাড়ছে। সংবাদ সম্মেলনে ছাঁটাইয়ের প্রশ্ন উঠতে শুরু করেছে। ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার বার্সেলোনার সংবাদ সম্মেলনেও উঠল রেয়ালের প্রসঙ্গ। ফ্লিক বললেন, রেয়ালের সঙ্কট তার দেখার বিষয় নয়।

“আমরা রেয়াল মাদ্রিদের দিকে তাকিয়ে নেই। এই মৌসুমে আমাদের অনেক কিছু করতে হবে। শাবি আলোন্সোর ছাঁটাইয়ের সম্ভাবনা? এটা আমার বিষয় নয়। আমি রেয়াল মাদ্রিদের ব্যাপারে কথা বলতে চাই না। শুধু বার্সার ব্যাপারে বলতে চাই। মাদ্রিদ আমাকে ভাবায় না।”