বিশ্বকাপের বাকি ১৪ দিন: বিশ্বকাপের বুড়োরা
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ১৪ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে বয়সের ভারকে বুড়ো আঙুল দেখিয়ে বৈশ্বিক আসরে লড়াকুদের কথা।
সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি এসাম এল হাদারির। ২০১৮ সালের রাশিয়া আসরে ৪৫ বছর ১৬১ দিন বয়সে মিশরের হয়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েন তিনি।
‘হাই ড্যাম’ নামে পরিচিত এই গোলরক্ষক ফাহাদ আল-মুয়ালাদের একটি পেনাল্টি ঠেকিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।
এই তালিকায় পরের দুটি স্থানে আছেন কলম্বিয়ার গোলরক্ষক ফারিদ মনদ্রাগন (৪৩ বছর ১৩ দিন) ও ক্যামেরুনের স্ট্রাইকার রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)।
বিশ্বকাপে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি এই মিলার।
