১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কঠিন সময়ে লিভারপুলের ‘সবার পূর্ণ সমর্থন’ পাচ্ছেন স্লট

দল ব্যর্থতার বলয়ে আটকে পড়লেও নিজের পাশে সবার উপস্থিতি অনুভব করছেন লিভারপুল কোচ।

কঠিন সময়ে লিভারপুলের ‘সবার পূর্ণ সমর্থন’ পাচ্ছেন স্লট
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 06:20 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ব্যর্থতার বলয়ে ঘুরপাক খাচ্ছে লিভারপুল। টানা তিনটি ম্যাচে হেরে গেছে দলটি। তাতে আর্না স্লটের ওপরও চাপ দিনকে দিন বেড়ে চলেছে। তবে সেসব খুব একটা অনুভব করছেন না তিনি। অ্যানফিল্ডের দলটির কোচ বললেন, ক্লাবের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে তাকে।

গত সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে হারে লিভারপুল। তার আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ ব্যবধানে হারের তেতো স্বাদ পায় তারা।

আরও বৃহস্পতিবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে পিএসজির বিপক্ষে হেরেছে লিভারপুল। তাতে টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে তাদের।

লিভারপুলের একের পর এক হারে স্লটের ভবিষ্যৎ নিয়ে ইংলিশ ফুটবলে শুরু হয়ে গেছে আলোচনা। গত মৌসুমে দলটিকে লিগ শিরোপা জেতানো কোচ অবশ্য এসব নিয়ে ভাবছেন না মোটেও।

লিগ ম্যাচে শনিবার ফুলহ্যামের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে স্লট বলেন, ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থকদের কাছ থেকেও সমর্থন পাচ্ছেন তিনি।

“একই কথার পুনরাবৃত্তি করছি, অনেকবার বলেছি, আমি প্রচুর সমর্থন পাচ্ছি। শুধু মালিকপক্ষ থেকে নয়, রিচার্ড (স্পোর্টিং ডিরেক্টর) ও মাইকেলের (প্রধান নির্বাহী) থেকেও অনেক সমর্থন পাচ্ছি। শুনতে অদ্ভুত মনে হলেও, ভক্তদের সমর্থনও অনুভব করছি। প্যারিসে যখন আমাদের খেলোয়াড়রা ওয়ার্ম-আপের জন্য মাঠে নামল, ৪-০ গোলের বড় হারের রেশ থাকলেও সমর্থকরা তৎক্ষণাৎ ‘আমরা তোমাকে ভালোবাসি, লিভারপুল’ গাইতে শুরু করে।”

“এটা ঠিক, পুরো ৯০ মিনিট পিএসজি আমাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল। তারপরও, ম্যাচ শেষে যখন অ্যাওয়ে স্ট্যান্ডের দিকে গেলাম, তখনও তারা আমাদের জন্য গান গাইছিল এবং হাততালি দিচ্ছিল। এই সমর্থন আমি প্রতিনিয়ত অনুভব করি। আমি আগেও বলেছি, ক্লাব জানে আমরা এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই আমি তাদের পূর্ণ সমর্থন অনুভব করছি।”

৩১ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি চার নম্বরের অ্যাস্টন ভিলার।