২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৯ পর্যন্ত অ্যাস্টন ভিলায় মার্তিনেস

ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 10:34 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে এমিলিয়ানো মার্তিনেসের। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

৩১ বছর বয়সী মার্তিনেসের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্তিনেস। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্তিনেস। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্তিনেস। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।