Published : 30 May 2026, 06:37 PM
অ্যানফিল্ডে শুরুটা কী দুর্দান্তই না ছিল আর্না স্লটের! প্রথম মৌসুমেই লিভারপুলকে এনে দেন ২০তম লিগ শিরোপা। তবে এবার ভুগতে হলো খুব। সেটার মাশুল দিয়ে চাকরি হারালেন এই ডাচ কোচ।
অ্যানফিল্ডে দুই মৌসুম থাকার পর ছাঁটাই হলেন লিভারপুল কোচ।
৪৭ বছর বয়সী স্লটের দ্বিতীয় মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয় লিভারপুল। বোর্নমাউথ থেকে বিদায় নেওয়া আন্দোনি ইরাওলা হতে পারেন দলটির নতুন কোচ।
মৌসুমজুড়ে ধারাবাহিকতা খুঁজে ফিরেছে লিভারপুল। কঠিন সময়ে অবশ্য কোচের পাশেই ছিল ক্লাব। বারবারই বলেছে, প্রধান কোচ বদলানোর কথা ভাবছে না তারা। তবে গত সপ্তাহে মৌসুম শেষ হওয়ার পর, পরিস্থিতি পর্যালোচনা করে তার সঙ্গে চুক্তি শেষ করে দিল ক্লাবটি।
লিভারপুলের ডাগআউটে ৯ বছর থাকার পর, ২০২৪ সালে অ্যানফিল্ড ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। তার জায়গায় কোচ হয়ে আসেন স্লট।
সামনে দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাবে, এমন কোচের সন্ধান করছে লিভারপুল। চলতি মাসে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর, ফরোয়ার্ড মোহামেদ সালাহ লিভারপুলকে আগ্রাসী ফুটবল খেলার তাগিদ দেন। যে ঘরানার ফুটবলের জন্য প্রতিপক্ষ তাদের ভয় পেত।
ক্লপের সময়ে লিভারপুল জিতেছে প্রতিটি বড় শিরোপা। জার্মান কোচের আগ্রাসী ফুটবলের ভূমিকা ছিল এই সব সাফল্যে।
বিদায় বেলায় স্লটকে তার কাজের জন্য ধনবাদ জানিয়েছে লিভারপুল। বিবৃতিতে বলেছে, এই ডাচ কোচ এবং তার পরিবারের জন্য সবসময়ই অ্যানফিল্ডের দুয়ার খোলা থাকবে। তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়েই সামনের দিনগুলোতে ভিন্ন ঘরানার ফুটবলের পথে হাঁটার প্রত্যয় জানিয়েছে লিভারপুল।