লিভারপুলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চান আর্সেনাল কোচ
দুর্দান্ত ফুটবল খেলে শিরোপাধারীদের হারাতে মরিয়া মিকেল আর্তেতা।
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে কেবল দুটি ম্যাচ হেরেছে আর্সেনাল, যার একটি লিভারপুলের মাঠে। নিজেদের আঙিনায় এবার শিরোপাধারীদের মুখোমুখি হবে লন্ডনের ক্লাবটি। ম্যাচটি জিতে পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ার পাশাপাশি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে উন্মুখ হয়ে আছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার আর্না স্লটের দলের বিপক্ষে লড়বে আর্সেনাল। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
গত অগাস্টে লিভারপুলের মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। এরপর লম্বা সময় লিগে অপরাজিত ছিল দলটি। পরে ডিসেম্বরের শুরুতে অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরে যায় তারা।
দারুণ ছন্দে থাকা আর্সেনাল এখন পয়েন্ট টেবিলে সবার উপরে। ২০ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।
২০০৩ সালের পর প্রিমিয়ার লিগের আর কোনো শিরোপা জিততে পারেনি আর্সেনাল। সবশেষ তিন আসরে রানার্স আপ হয় তারা। এবার দীর্ঘ অপেক্ষার অবসান করার দারুণ সুযোগ দলটির সামনে। সেটি হারাতে চান না আর্তেতা।
লিভারপুল ম্যাচকে সামনে রেখে আগের দিন সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বললেন, দুর্দান্ত ফুটবল খেলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থা আরও সংহত করতে চান তারা।
“আমরা খুবই রোমাঞ্চিত। চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় একটি ম্যাচ…আমাদেরকে নিজেদের প্রমাণ করতে হবে, আমাদের দর্শকদের জন্য একটি দুর্দান্ত আবহ তৈরি করব আমরা।”
“আমরা পয়েন্ট টেবিলে শীর্ষে, ঘরের মাঠে খুবই ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলব। আমরা নিজেদের জায়গা ধরে রাখতে চাই। আর এটা করতে ম্যাচ জুড়ে আমাদের দুর্দান্ত খেলতে হবে। আর এটাই আমাদের প্রমাণ করতে হব।”
লিগে ২০টি করে ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় ও তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।
