১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্লিককে চমকে দিয়েছেন শাভি এস্পার্ত

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লেফট ব‍্যাক হিসেবে খেলা এই তরুণের পারফরম‍্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ।

ফ্লিককে চমকে দিয়েছেন শাভি এস্পার্ত
শাভি এস্পার্ত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 04:54 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শাভি এস্পার্তের পারফরম‍্যান্সে মুগ্ধ হান্সি ফ্লিক। আক্রমণ ও রক্ষণে ১৯ বছর বয়সী ডিফেন্ডার যেভাবে অবদান রেখেছেন তাতে চমকে গেছেন বার্সেলোনা কোচ। হাফিনিয়া ও অ‍্যান্থনি গর্ডনকে নিয়েও কথা বলেছেন তিনি।

লা লিগার ম‍্যাচে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে গত দুই আসরের চ‍্যাম্পিয়ন বার্সেলোনা। হাফিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। 

আলেহান্দ্রো বাল্দেকে পেছনে ফেলে লেফট ব‍্যাক হিসেবে খেলেন এস্পার্ত। রক্ষণ জমাট রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আক্রমণেও ভূমিকা রাখেন তিনি। ম‍্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোচ ফ্লিক। 

“এস্পার্তের টেকনিক দারুণ, সে আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই পরিস্থিতি খুব ভালোভাবে সামাল দেয়। তার আজকের পারফরম‍্যান্সে আমি বিস্মিত। সে শীর্ষ খেলোয়াড়দের একজন। তবে আর সবার মতোই তারও উন্নতির জায়গা রয়েছে।”

এই ম‍্যাচ দিয়ে প্রথমবার বার্সেলোনার শুরুর একাদশে খেলেন ইংলিশ মিডফিল্ডার গর্ডন। এলচের বিপক্ষে আগের ম‍্যাচে বদলি নেমে দুটি ম‍্যাচে অবদান রাখেন তিনি। নিউক‍্যাসল থেকে এসে নতুন দলে মানিয়ে নিতে মোটেও সময় নেননি গর্ডন। তার আরও ভালো করার সম্ভাবনা দেখেন ফ্লিক।

“তার গতি, তার খেলার তীব্রতা, আমাদের জন‍্য খুব ভালো ছিল, আমরা তার কাছ থেকে ঠিক এটাই চাই। অবশ‍্যই সে সবেমাত্র এসেছে। তার পরবর্তী পর্যায়ে যাওয়ার সামর্থ‍্য আছে। আমরা তাকে সেই পর্যায়ে প্রয়োজন।”

এখনও ‘নাম্বার নাইন’ পায়নি বার্সেলোনা। প্রাথমিকভাবে এই ভূমিকায় বেশ সফল হাফিনিয়া। তবে তিনি মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন বার্সেলোনা কোচ।

“আমি জানি না, হাফিনিয়া আমাদের নয় নম্বর থাকবে কিনা। হাফিনিয়া নয় নম্বর কিনা এর চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, পরিকল্পনা কাজে লেগেছে।

“আমি মনে করি, আজ আমরা দারুণ একটা ম‍্যাচ খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি। মাত্র দুটি গোল করেছি, তবে গোলের অনেক সুযোগ তৈরি করেছি। আপনি সব সময় অনেক গোল করতে পারবেন না। গুরুত্বপূর্ণ হলো গোল হজম না করা।”