পুরোনো ক্ষতে প্রলেপ দিয়ে আলভারেসের কণ্ঠে দাপুটে জয়ের উচ্ছ্বাস
এবারের মাদ্রিদ ডার্বিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা নায়ক হয়ে ওঠার পর ঘুরেফিরে আসছে গত মার্চের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সেই ঘটনা।
আগের মাদ্রিদ ডার্বিতে হুলিয়ান আলভারেসকে গ্রাস করেছিল হতাশা। পেনাল্টি শট নিতে গিয়ে করেছিলেন মারাত্মক ভুল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় শেষ হয়ে যায় আতলেতিকো মাদ্রিদের পথচলা। নতুন মৌসুমের প্রথম ডার্বিতে সেই ভুলের যেন প্রায়শ্চিত্ত করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। নগর প্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিতে জোড়া গোল করে রাখলেন ভূমিকা।
ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়েছে আথলেতিকো মাদ্রিদ। ৭৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে রেয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল করল তারা।
হবাঁন লু নহমাঁর গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। তবে ১১ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপে ও আর্দা গিলেরের গোলে পিছিয়ে পড়ে দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন আলেকসান্দার সরলথ। দ্বিতীয়ার্ধে রেয়ালের জালে জোড়া গোল করেন আলভারেস; নিজের প্রথম গোলটি করেন তিনি স্পট কিকে। দলের শেষ গোলটি বদলি নেমে করেন অঁতোয়ান গ্রিজমান।
এই জয়ে আতলেতিকো উঠেছে চতুর্থ স্থানে, রেয়ালের চেয়ে অবশ্য এখনও ৬ পয়েন্ট পিছিয়ে তারা।
গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দুই দলের লড়াইয়ের সমাপ্তি হয় টাইব্রেকারে। দলের দ্বিতীয় শটে পিছলে গিয়ে ‘ডাবল টাচ’ করে বসেন আলভারেস, তাতে বাতিল হয়ে যায় গোলটি।
সেই ক্ষতে অবশেষে প্রলেপ দিতে পারছেন আলভারেস। অবশ্য ম্যাচের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পুরনো বিষয় টানেননি তিনি।
“আমরা জানতাম, আজকের (শনিবারের) ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। এটা ডার্বি, আর শীর্ষস্থানের দলের সঙ্গে ব্যবধান কমাতে আমাদের তিন পয়েন্ট প্রয়োজন ছিল। পুরো ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। দল কখনোই আক্রমণ থামায়নি, প্রচুর সুযোগ তৈরি করেছি এবং সেগুলো কাজে লাগাতে পেরেছি।”
“শেষ পর্যন্ত, প্রতিটি পেনাল্টি নতুন একটি শট, প্রতিটি ম্যাচ নতুন একটি সুযোগ।”
সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আতলেতিকো।
আসরে প্রথম হারের পর ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
