Published : 23 Feb 2026, 05:22 PM
জয় পেলেও লিভারপুলের খেলায় ঠিক সন্তুষ্ট নন আর্না স্লট। কোচের মনে হচ্ছে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পারফরম্যান্সের তুলনায় অনেক বেশিই পেয়েছেন তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফরেস্টের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান গড়ে দিয়েছেন আলেক্সিস মাক আলিস্তের।
এই ম্যাচের প্রথমার্ধকে মৌসুমে নিজেদের খেলা সবচেয়ে বাজে ফুটবল হিসেবে বর্ণনা করেছেন স্লট। লিভারপুলের সাবেক অধিনায়ক জেমি ক্যারাঘারের কাছে এই অর্ধ যেন ছিল ‘হরর শো।’
স্লট জানেন, এই ম্যাচে তিন পয়েন্ট তার দলের প্রাপ্য ছিল না। সব দিক থেকেই এগিয়ে ছিল ফরেস্ট; কিন্তু ভাগ্যের ছোঁয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে তা স্বীকার করে নেন দলটির কোচ।
“আমার মতে, আমাদের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল খুব বাজে, এখন পর্যন্ত আমাদের খেলা সবচেয়ে খারাপ। তবে দ্বিতীয়ার্ধ ছিল বেশ ভালো। আমরা ম্যাচ অনকেটা নিয়ন্ত্রণ করেছি।”
“তবে অনেকবার ভালো পারফরম্যান্সের পরও আমরা স্কোরলাইনের ভুল প্রান্তে ছিলাম। আজ আমি মনে করি, যা প্রাপ্য, তার চেয়ে বেশি পেয়েছি আমরা। জয়ের চেয়ে ড্র আমাদের জন্য অধিকতর ন্যয্য ফল হতো।”
লিগ টেবিলে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। তাদের ওপরে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও সমান ৪৫।