২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে রেফারি ব্রাজিলের ক্লাউস

২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 09:29 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন হাফায়েল ক্লাউস। প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। 

আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। একইসঙ্গে উরুগুয়ে-কানাডার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের নামও জানানো হয়েছে।

২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন ক্লাউস। কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচে ছিলেন তিনি। 

চলতি কোপা আমেরিকায় মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেন ক্লাউস। ওই ম্যাচের রেফারিং নিয়ে কোনো প্রশ্ন এখন পর্যন্ত ওঠেনি। তবে কোপার ম্যাচ পরিচালনার সার্বিক মান নিয়ে চলছে নানান সমালোচনা। এরই মধ্যে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ভিএআরের ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে কনমেবল।

 লাতিন অঞ্চলের দলগুলো ফুটবলীয় কলাকৌশলের পাশাপাশি মাঠে নিজেদের শারীরিক শক্তির প্রদর্শনীও করে থাকে প্রায় নিয়মিতই। তাই ফাইনালে কঠিন চ্যালেঞ্জই হয়তো সামলাতে হবে ক্লাউসকে।

এই কাজে সহকারী হিসেবে দুই স্বদেশি রেফারি ব্রুনো পিরেস ও রদ্রিগো কোহেয়াকে পাচ্ছেন ক্লাউস। এছাড়া চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কারদোসো। 

ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো তস্কি। তাকে সহযোগিতার জন্য থাকছেন দুই স্বদেশি দানিলো মানিস ও দানিয়েল নব্রে।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়।