নাক ভেঙে গেছে এমবাপের
সেরে উঠতে কত দিন লাগতে পারে সে সম্পর্কে কিছু বলেননি ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
বিশ্বকাপের চেয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বেশি কঠিন- এই কথা বলে বিতর্ক উসকে দেওয়া কিলিয়ান এমবাপের আরেকটি কঠিন রাত কেটেছে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে। হাতছাড়া করেছেন বেশ কিছু সুযোগ, বাড়িয়েছেন এই প্রতিযোগিতায় প্রথম গোলের অপেক্ষার প্রহর। পরে মাঠ ছেড়েছেন অ্যাম্বুলেন্সে করে, সেখানেও পাননি ভালো খবর। নাক ফেটে গেছে ফ্রান্স অধিনায়কের।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ফ্রান্স। ব্যবধান গড়ে দিয়েছে অস্ট্রিয়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ান উবার আত্মঘাতী গোল।
বিশ্বকাপে ১৪ ম্যাচে এমবাপের গোল ১২টি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভেঙে দেওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছে। তবে ইউরোয় ৫ ম্যাচ খেলে এখনও নিজের প্রথম গোলের অপেক্ষায় এই তারকা ফরোয়ার্ড।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে সংঘর্ষে এমবাপের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, নাক ভেঙেছে তার। পরের ম্যাচগুলোতে খেলতে পারেন মাস্ক পরে।
প্রায় ১২ বছরের কোচিংয়ে ফ্রান্সের হয়ে নিজের শততম জয়ের পর দেশম জানিয়েছেন, অধিনায়কের ব্যাপারে বিস্তারিত এখনও তার জানা নেই।
“তার নাকের অবস্থা খারাপ। আমাদের অপেক্ষা করতে হবে। চিকিৎসক দল এটা নিয়ে কাজ করছে। আমাদের দেখতে হবে কী হয় আর এটা কতটা সময় নেয়। আজ রাতে আমাদের জন্য এটা খুবই বাজে খবর। অবশ্যই তাকেসহ আর ছাড়া ফ্রান্স দল এক নয়। আশা করি, সে খেলবে।”
