২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের ‘জার্নিম্যান’ জেফ টমাস

বস্টন ইউনাইটেড, শেফিল্ড, শ লেন, বেলপার টাউন, সেলবি টাউন… ১৮ বছরের ক্যারিয়ারে এই ইংলিশ ফুটবলারের খেলা ক্লাবের নাম যেন শেষ হওয়ার নয়।

ফুটবলের ‘জার্নিম্যান’ জেফ টমাস
জেফ টমাস। ছবি: টমাসের লিঙ্কডইন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 05:30 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

“যদি মনে হতো উপযুক্ত অর্থ পাচ্ছি না, তখন ক্লাব ছেড়ে চলে যেতাম,” ক্যারিয়ারে বারবার ক্লাব বদলানোর প্রসঙ্গে বলেছেন জেফ টমাস। ১৮ বছরের ক্যারিয়ারে ৩৯ বার দলবদল করেছেন ইংলিশ এই উইঙ্গার! এই কারণেই ফুটবলের ‘জার্নিম্যান’ হিসেবে পরিচিত তিনি।

ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী টমাস এতবার ঠিকানা বদলেছেন, তাতে কোনো কোনো ক্লাবে কয়েক মেয়াদে খেলার অভিজ্ঞতাও হয়েছে তার। যেমন- রোসিংটন মেইনে পাঁচ, মিকলওভার স্পোর্টসে চার, ফ্রিকলি আথলেতিকে তিন ও ব্রিগহাউজ টাউনে দুই মেয়াদে খেলেছেন এই ফুটবলার।

বস্টন ইউনাইটেড, কাউডেনবিথ, স্ট্যাফোর্ড রেঞ্জার্স, শেফিল্ড, শ লেন, বেলপার টাউন, সেলবি টাউন, গ্লসোপ নর্থ এন্ড… তার ক্লাবের নাম যেন হওয়ার নয়।

ইংল্যান্ডের বাইরের ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে টমাসের। যুক্তরাষ্ট্রের গার্ডেন সিটি ব্রঙ্কবাস্টার্স, বেলজিয়ামের মন্টানিয়া ও কানাডার থান্ডার বে চিলের হয়ে খেলেছেন তিনি।

টমাসের যাযাবর জীবন কি কখনও শেষ হওয়ার নয়? কখনও কি কোনো ক্লাবে থিতু হবেন না তিনি? তাকে নিয়ে এই কৌতূহলের বোধহয় এখন সমাপ্তি ঘটেছে।

সেন্ট কিটস ও নেভিসের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা টমাস, ২০২৪ সালে দক্ষিণ ইয়র্কশায়ারের নবম স্তরের ক্লাব ডিয়ার্ন অ্যান্ড ডিস্ট্রিক্টে খেলোয়াড় ও কোচের দায়িত্ব নেন। এরপর আর কোনো দল বদল করেননি তিনি। এই ক্লাবে নিজের কাজটা বেশ উপভোগ করছেন এই ফরোয়ার্ড।

গত মৌসুমে নর্দার্ন কাউন্টিজ ইস্ট লিগ ফার্স্ট ডিভিশন জেতে টমাসের ক্লাব। এখন ইতিহাসে নাম লেখানোর হাতছানি বার্নসলির কাছে অবস্থিত ছোট্ট একটি গ্রাম গোল্ডথর্পের ক্লাবটির। প্রথমবারের মতো এফএ কাপের ম্যাচ খেলতে যাচ্ছে ডিয়ার্ন অ্যান্ড ডিস্ট্রিক্ট। আগামী শনিবার রানকর্ন টাউনের মুখোমুখি হবে তারা।

এনিয়ে উচ্ছ্বাস ভরা কণ্ঠে টমাস বলেন, “২০২১ সালে আমরা ডনকাস্টার স্যাটারডে লিগে খেলতাম, আর এখন এফএ কাপে খেলছি। এটা এই এলাকার জন্য বিশাল ব্যাপার, কারণ দলকে এর আগে কখনো এই প্রতিযোগিতায় খেলতে দেখেনি তারা।”

টমাসের ক্যারিয়ার শুরু হয় রদারহ্যাম ইউনাইটেডে। তখন ক্লাবটির যুব দলের কোচ ছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্ক রবিন্স। ২০০৮ সালে মূল দলের হয়ে কোনো ম্যাচ না খেলিয়েই ক্লাবটি টমাসকে ছেড়ে দেয়। যদিও ক্লাবটির ওই সিদ্ধান্ত অবাক করেনি তাকে।

“আমি তখন কিছুটা খিটখিটে মেজাজের ও অপরিণত ছিলাম। মনে পড়ে, একটি রিজার্ভ ম্যাচে গোল করেছিলাম, পরদিন আমাদের রিকভারির জন্য দৌড়াতে বলা হয়েছিল। ওই সময় আমার মনে হয়েছিল, এসবের আমার দরকার নেই। সত্যি বলতে, আমার আচরণ যদি আরও ভালো হতো, তাহলে সম্ভবত সব ঠিকঠাকই চলত।”

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার পর টমাস ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে এক অনন্য যাত্রা শুরু করেন। শুধু তাই নয়, ক্যানসাস, ওন্টারিও, স্কটল্যান্ড এবং বেলজিয়ামের ক্লাবেও খেলেন তিনি।

নন-লিগ ক্লাবের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কাটান ব্রিগহাউস টাউনে। ক্লাবটিতে দ্বিতীয় দফায় ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত খেলেন তিনি।

কুঁচকির চোটে পড়ে ২০১৩ সালে প্রায় খেলা ছেড়েই দিয়েছিলেন টমাস। রদারহ্যামের একটি কল সেন্টারে কাজ শুরু করেন এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবছিলেন। তবে এরপরই ওন্টারিওর থান্ডার বে চিল ক্লাবে আবার ক্যারিয়ার শুরু করার সুযোগ পান।

ক্যারিয়ারে কতগুলো ক্লাবে খেলেছেন, টমাস কি হিসাব রেখেছেন?

“একদমই না। সংখ্যাটা যে অনেক বেশি, তাতে কোনো সন্দেহ নেই। অভিজ্ঞতাটা ভালো ছিল, তবে আরও ভালো হতে পারত। অর্থের জন্য কখনও উপরের স্তরের ক্লাবে আবার কখনও একই স্তরের অন্য ক্লাবেও গিয়েছি।

তবে বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা ছিল দারুণ। সুযোগ পেলে সব তরুণ খেলোয়াড়কেই এমন অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দেব। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করেছি, যাদের প্রত্যেকের আলাদা চিন্তাভাবনা ও ফুটবল দর্শন ছিল।”

জীবনজুড়ে ঘুরে বেড়ানোর পর, টমাসকে এখন আর ম্যাচের জন্য খুব বেশি দূরে ভ্রমণ করতে হয় না। ডিয়ার্ন অ্যান্ড ডিস্ট্রিক্টের মাঠ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে স্ত্রী মেরি এবং দুই সন্তান—জেরোম (১১ বছর) ও লুসিয়াকে (৭ বছর) নিয়ে থাকেন তিনি।

নন-লিগ এই ক্লাবে খেলার জন্য এখনও নিবন্ধিত আছেন টমাস। তবে এখন কোচিং করানো, ডাগআউটে দাঁড়িয়ে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া এবং খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করাতেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি।

জীবনের দর্শনে এখন অনেক পরিবর্তন এসেছে টমাসের। এখন তার মতো করে না ভাবার পরামর্শ খেলোয়াড়দের দেন তিনি।

“মাঝেমধ্যে নিজেকে কিছুটা ভণ্ড মনে হয়। কারণ আমি বাড়তি অর্থের জন্য এক ক্লাব থেকে অন্য ক্লাবে ঘুরে বেড়িয়েছি। আর এখন আমার খেলোয়াড়দের বলি, ‘তোমরা যা করছ, সেটাই করে যাও। অর্থ একসময় ঠিকই আসবে’।”