ভিনিসিউসকে দলে পাওয়া রেয়াল মাদ্রিদের ‘অবিশ্বাস্য রকমের সৌভাগ্য’
ব্রাজিলিয়ান তারকার নিবেদন ও দলকে এগিয়ে নেওয়ার তাড়নায় মুগ্ধ রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
আলভারো আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর থেকে ভিনিসিউস জুনিয়র যেন ক্রমেই ফিরছেন নিজের সেরা চেহারায়। আর পারফরম্যান্সে ফুটে উঠছে সেই পুরোনো ধার। কোচের সঙ্গে রসায়নের বড় ভূমিকা নিশ্চয়ই সেখানে আছে। ব্রাজিলিয়ান তারকার নিবেদন, পরিশ্রম ও দলকে এগিয়ে নেওয়ার তাড়না দেখে রেয়াল মাদ্রিদ কোচ নিজেও দারুণ মুগ্ধ।
শাবি আলোন্সো কোচ থাকার সময় তার সঙ্গে ভিনিসিউস জুনিয়রের দূরত্ব ও টানাপোড়েন নিয়ে আলোচনা ছিল নিত্য। যদিও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে সেসব নিয়ে কেউ কিছু বলেননি। তবে সেটি ফুটে উঠত নানাভাবেই। এমনকি বদলি করা নিয়ে ক্ষোভ বোঝা গেছে ভিনিসিউসের শরীরী ভাষায়। তার পারফরম্যান্সেও পড়েছে প্রভাব। অনেকটা যেন হারিয়েই গিয়েছিলেন তিনি।
সেই ভিনিসিউস যেন পুরোই বদলে গেছেন আরবেলোয়ার কোচিংয়ে। পারফরম্যান্সে আবার তিনি পার্থক্য গড়ে দিতে শুরু করেছেন। ম্যাচে প্রভাব রাখছেন দারুণ সব ঝলক দেখিয়ে। চ্য্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর লা লিগায় রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও জয়ের নায়ক তিনি। রেয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে তিনি গোল করেন দুটি।
ফেদে ভালভের্দে ৭৭তম মিনিটে লাল কার্ড দেখায় শেষ দিকে দলের কৌশলে পরিবর্তন আনতে হয় কোচকে। এক পর্যায়ে ভিনিসিউসকে তুলে নেন তিনি। এবার ভিনিসিউসের শরীরী ভাষায় কোনো ক্ষোভ বা বিরক্তির প্রকাশ দেখা যায়নি। বরং স্বতস্ফূর্ত ছিলেন তিনি।
আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই নানাভাবে ভিনিসিউসকে গুরুত্ব দিতে শুরু করেছেন। তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বারবার। এই ম্যাচের পরও তাকে স্তুতির জোয়ারে ভাসালেন কোচ।
“ভিনির জন্য এটি ছিল আরও একটি দুর্দান্ত ম্যাচ, তার প্রতিভা, সাহসিকতা এবং মানসিকতার আরেকটি প্রদর্শনী। কঠিন মুহূর্তে সে একটি অসাধারণ গোল করেছে।”
“সবসময় বলি, তার যেমন নিবেদন, যে প্রতিভা ও দলকে সামনে এগিয়ে নেওয়ার যতটা তাড়না, এমন একজন ফুটবলারকে দলে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য রকমের সৌভাগ্য। জানি না, সে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে কি না, তবে সে খুব বেশি দূরেও নেই।”
ভিনিসিউসের পারফরম্যান্সে খুশি হলেও আরবেলোয়া সন্তুষ্ট নন রেফারির পারফরম্যান্সে। আপত্তি জানালেন তিনি ফেদে ভালভের্দের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে। অবশ্য রেফারির এগিয়ে এসে কারণ ব্যাখ্যা করায় কোচ তার প্রশংসা করলেন, যদিও সেই ব্যাখ্যার সঙ্গে তিনি একমত নন।
“আমরা দৃঢ়তা ও মানসিক শক্তির পরিচয় দিয়েছি। একজন খেলোয়াড় কম থাকায় কঠিন লড়াই করতে হয়েছে আমাদের। আমি বিষয়টাকে (লাল কার্ডের সিদ্ধান্ত) ভিন্নভাবে দেখি, কিন্তু হোসে লুইস (রেফারি) কেন তাকে মাঠ থেকে বের করে দিয়েছেন, তা ব্যাখ্যা করতে এগিয়ে আসায় তার কাছে আমি কৃতজ্ঞ। শেষ পর্যন্ত আমরা পুরো তিন পয়েন্টই নিতে পেরেছি, যা আমরা চেয়েছিলাম।”
“তিনি আমাকে বলেছেন যে এটা অতিরিক্ত বলপ্রয়োগ ছিল, কিন্তু আমি বিষয়টা সেভাবে দেখি না। প্রতিপক্ষকে আঘাত বা আহত করার কোনো ব্যাপারই ছিল না সেখানে। এটাই আমার ভাবনা, যা তার থেকে ভিন্ন। কিন্তু তিনি বিষয়টি ব্যাখ্যা করতে এসেছিলেন এবং আমি তার প্রশংসা করি। কখনও কখনও এমন প্রশংসা করতে হয়, যদিও এতে কোনো পরিবর্তন আসবে না। লাল কার্ড সবকিছুকে আরও কঠিন করে তুলেছিল এবং আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।”
