Published : 04 Jun 2026, 08:26 PM
অনিশ্চয়তার কোনো অবকাশ ছিল না, তবুও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। সেটা হয়ে গেল এবার। ক্রিস্তিয়ানো রোনালদোকে অধিনায়ক করেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস।
জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। স্কোয়াড মূলত ২৬ জনের হলেও, গত বছর সবাইকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া দিয়োগো জটাকে প্রতীকি ‘সদস্য’ ধরে ২৭ জনের নাম ঘোষণা করেন কোচ।
জাতীয় দলের ট্রেনিং সেন্টারের জনাকীর্ণ অডিটোরিয়ামে দল ঘোষণার সময় মার্তিনেস বলেন, তার স্কোয়াড ২৬ জনের হলেও, গত বছর সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সে প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড জটার স্মৃতি সঙ্গে নিয়ে ‘স্কোয়াডটা ২৭ জনের।‘
“সে আমাদের শক্তি। দিয়োগোকে হারানোর কষ্ট কখনও ভোলার নয় এবং আমাদের জন্য খুব কঠিন এক মুহূর্ত। তবে এরপরই তা হয়ে ওঠে দিয়োগোর স্বপ্ন ও জাতীয় দলে সে যেই উদাহরণ তৈরি করে গেছে, সেটার জন্য আমাদের লড়াই করার ব্যাপার। দিয়োগো জটার চেতনা, শক্তি ও তার অনুকরণীয় উদাহরণ দলে বাড়তি একজন হয়ে আছে এবং সবসময় তাই থাকবে।”
মার্তিনেস আরও জানান, চতুর্থ পছন্দের গোলরক্ষক রিকার্দো ভেলহোও দলের সঙ্গে থাকবে। তবে তিন গোলরক্ষকের কেউ চোট পেলেই কেবল সে স্কোয়াডে অন্তর্ভুক্ত হবে।
মার্তিনেসের দলে মহাতারকা রোনালদোর পাশাপাশি, প্রতিটি বিভাগেই আছে তারকা ও অভিজ্ঞতায় পূর্ণ সব খেলোয়াড়ের উপস্থিতি।
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার হাতছানি রোনালদোর। আক্রমণভাগে তার সঙ্গে আছেন তার ক্লাব আল নাস্র সতীর্থ জোয়াও ফেলিক্স, কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের জালে হ্যাটট্রিক করা গন্সালো রামোসের মতো অভিজ্ঞদের পাশাপাশি ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের মতো সম্ভাবনাময় খেলোয়াড়।
আগামী ৬ জুন চিলি ও ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে উয়েফা নেশন্স লিগের শিরোপাধারী পর্তুগাল।
এরপর আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে পর্তুগিজদের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
পর্তুগালের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসা সা, রুই সিলভা
ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গন্সালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো
মিডফিল্ডার: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গন্সালো গেদেস, গন্সালো রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো