১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোনালদোর রেকর্ড ছোঁয়ার পথে ছুটে চলা এমবাপের প্রশংসায় আলোন্সো

লা লিগায় জয়ে ফেরার দিনে পরিপূর্ণ পারফরম্যান্সের তৃপ্তি রেয়াল মাদ্রিদ কোচের কণ্ঠে।

রোনালদোর রেকর্ড ছোঁয়ার পথে ছুটে চলা এমবাপের প্রশংসায় আলোন্সো
ম্যাচের ফাঁকে কিলিয়ান এমবাপের সঙ্গে রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের বছরে ক্লাব রেকর্ডের পথে আরেকটু এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপেকে প্রশংসায় ভাসালেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। 

লা লিগায় বুধবার আথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারায় রেয়াল। প্রতিযোগিতায় সবশেষ চার ম্যাচে এটি তাদের প্রথম জয়। এর আগে টানা তিন ম্যাচে ড্র করে রায়ো ভাইয়েকানো, এলচে ও জিরোনার মাঠে। 

এদিন দলের তিনটি গোলেই জড়িয়ে আছে এমবাপের নাম। দুবার জালে বল পাঠানো ফরাসি তারকা অবদান রাখেন এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে। 

২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে এমবাপের গোল হলো ৫৫টি। এক পঞ্জিকা বর্ষে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করে রেকর্ড পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর।  

যেমন ছন্দে আছেন এমবাপে এবং আরেক তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে তার যে দুর্দান্ত বোঝাপড়া, তাতে যে আরও অনেক গোল আসবে তা নিয়ে নিশ্চিত রেয়াল কোচ আলোন্সো।

“কিলিয়ান অসাধারণ ছন্দে আছে। আজ সে ফের জোড়া গোল করেছে, দুটি অসাধারণ গোল… ভিনিসিউসের সঙ্গে তার বোঝাপড়া দুর্দান্ত।”

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি বছরে এখনও চারটি ম্যাচ খেলবে রেয়াল, লা লিগায় তিনটি ও চ্যাম্পিয়ন্স লিগে একটি। ফলে, রোনালদোর রেকর্ড ছোঁয়ার দারুণ সুযোগ আছে এমবাপের সামনে।

এক সময়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল রেয়াল। টানা তিন ম্যাচে তারা ড্র করায় ১ ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্টে এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল। বিলবাওকে হারিয়ে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে এনেছে রেয়াল।

এদিন যে ছন্দ নিয়ে দল খেলেছে, ম্যাচে যেভাবে মনোযোগ ধরে রেখেছে তাতে মুগ্ধ রেয়াল কোচ।

“ম্যাচের প্রথমার্ধে আমাদের আধিপত্য ছিল। দ্বিতীয়ার্ধে বল আমাদের দখলে ততটা ছিল না, তবে আমরা নিয়ন্ত্রণ ধরে রাখি। প্রতিপক্ষের মাঠে টানা তিনটি ড্রয়ের পর, প্রতিপক্ষের মাঠেই জয়ের পথে ফেরার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।” 

“পুরো ৯০ মিনিট আমরা মনোযোগী ছিলাম। ওদের তেমন একটা সুযোগ দেইনি… যে স্টেডিয়ামে খেলা বেশ কঠিন, সেখানে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে হয়তো এটাই আমাদের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স।”

১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।