২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেইপ ভার্ড কঠিন প্রতিপক্ষ,’ শেষ বত্রিশের ম‍্যাচ নিয়ে সাবধানী আর্জেন্টিনা কোচ

গ্রুপ পর্বের ম‍্যাচ থেকে কেইপ ভার্ডের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

‘কেইপ ভার্ড কঠিন প্রতিপক্ষ,’ শেষ বত্রিশের ম‍্যাচ নিয়ে সাবধানী আর্জেন্টিনা কোচ
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 01:33 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

শেষ বত্রিশের প্রতিপক্ষ কেইপ ভার্ডকে মোটেও খাটো করে দেখছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের অভিজ্ঞতা থেকে এই আসরে চমক জাগানো দেশটিকে নিয়ে সাবধানী তিনি। স্পেন ও উরুগুয়ের গ্রুপে থেকেও কোনো ম‍্যাচ না হেরে রানার্সআপ হয়েছে কেইপ ভার্ড।

বাংলাদেশ সময় রোববার সকালে ‘জে’ গ্রুপের ম‍্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টানা তিন জয় পাওয়া শিরোপাধারীরা আগামী শনিবার মায়ামিতে কেইপ ভার্ডের মুখোমুখি হবে।

স্পেনের বিপক্ষে গোলশূন‍্য ড্র দিয়ে আসর শুরু করে কেইপ ভার্ড। অভিষেক আসরে নিজেদের পরের ম‍্যাচে ২-২ গোলে তারা রুখে দেয় আরেক সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন উরুগুয়েকে। পরের ম‍্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।

এই পারফরম‍্যান্সের পর গ্রুপ পর্বে তাদের হালকা করে দেখার মতো ভুল করতে রাজি নন আর্জেন্টিনা কোচ স্কালোনি। 

“তারা ভালো দল। তিন প্রতিপক্ষের জন‍্য তারা কাজটা কঠিন করে তুলেছিল। কেইপ ভার্ড কঠিন প্রতিপক্ষ।” 

“তারা আমাদের জন‍্যও কাজটা কঠিন করে তুলবে। কারণ, তারা এরই মধ‍্যে বিশ্বকাপের ফেভারিটদের একটি স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে সেটা করেছে। এই বিশ্বকাপে আমরা যা দেখছি তাতে, আমাদের সাবধান থাকতে হবে। তারা গতিময়, মান সম্পন্ন একটি ভালো দল।”