৫৮ বছরে বয়সে নতুন আরেক ইতিহাস গড়লেন ‘কিং কাজু’
পেশাদার ফুটবলে ৬০ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়ার লক্ষ্যে নতুন ক্লাবে যোগ দিলেন এই জাপানিজ গ্রেট।
অবিশ্বাস্য এক লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছেন কাজুইয়োশি মিউরা। ৫৮ বছর বয়সে জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে ধারের চুক্তিতে যোগ দিয়েছেন এই জাপানিজ স্ট্রাইকার।
পাঁচ মৌসুমের মধ্যে প্রথমবার জাপানের ফুটবলের প্রথম তিন স্তরের লিগে খেলবেন ‘কিং কাজু’ নামে পরিচিত দেশটির জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার।
আগামী ফেব্রুয়ারিতে মিউরার বয়স ৫৯ বছর পূর্ণ হবে। তবে তার জন্য বয়স যে কেবলই একটি সংখ্যা, তা অনেক আগেই প্রমাণ করেছেন তিনি। এখন মাঠে নামলেই নতুন নতুন ইতিহাস গড়েন এই ফুটবলার।
ফুটবলের আঙিনায় বিস্ময়কর পথচলায় আরও একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়ে খেলাটির প্রতি তার ভালোবাসার কথা বললেন।
“ফুটবলের প্রতি আমার আবেগের কোনো পরিবর্তন হয়নি। আমার বয়স কত হলো, সেটা কোনো ব্যাপারই নয়।”
“আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। দলে অবদান রাখার জন্য সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে খেলার প্রতিশ্রুতি দিচ্ছি আমি। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি।”
আগেই ৬০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া মিউরার পেশাদার ক্যারিয়ার শুরু ১৯৮৬ সালে, ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে। ২০১৭ সালে সবচেয়ে বেশি বয়সী (৫০ বছর ১৪ দিন) খেলোয়াড় হিসেবে জাপানের পেশাদার লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।
এই পর্যন্ত ছয়টি দেশের ক্লাবের হয়ে খেলেছেন জাপান জাতীয় দলের জার্সিতে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ৮৯ ম্যাচ খেলা মিউরা। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ৫৫টি।
