২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে চীনকে উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুল পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

হকিতে চীনকে উড়িয়ে দিল বাংলাদেশ
ফাইল ছবি: এশিয়ান হকি ফেডারেশন ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল চীন; কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে টানা তিন জয় তুলে নিল বাংলাদেশ। 

চীনের দাঝুতে রোববার পুল-এ’র ম্যাচে ৫-২ গোলে জিতেছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দল।

হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল। 

স্বাগতিকদের বিপক্ষে সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ থাকতেই বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি জালের দেখা।

তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার উপলক্ষ পায় চীন, কিন্তু এরপরই জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের লক্ষ্যভেদে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে এক গোল করে একপেশে ম্যাচে একটু উত্তাপ ফেরায় চিন, কিন্তু তা যথেষ্ট হয়নি বাংলাদেশের জয়রথ আটকাতে।

পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।