মনিকাদের কারো কারো শেষ দেখছেন বাটলার!
ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ফোরক সব মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
মালদ্বীপ ম্যাচের পর কারো কারো পারফরম্যান্স নিয়ে পিটার জেমস বাটলার বলেছিলেন হতাশাজনক। ভারত ম্যাচে হারের পর স্রেফ ওইটুকুতে আটকে থাকলেন না। বিস্ফোরক সব মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ। মনিকা-শিউলিদের কারো কারো ক্যারিয়ারের ‘শেষ’ দেখলেন, ওয়ার্ম-আপে ‘হেঁটে-হেঁটে’ আসাদের তীর্যক সমালোচনায় বিঁধলেন। যে তরুণদের আগলে রাখতে চাইছেন, তাদের কারো কারো অপেশাদার মনোভাব দেখে ক্ষোভও উগরে দিলেন এই ইংলিশ কোচ।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশের সব আশা শেষ হয়ে গেছে, তা নয়। গ্রুপের দ্বিতীয় দল হয়ে সেমি-ফাইনালে ওঠায় এখনও বেঁচে আছে হ্যাটট্রিক শিরোপা স্বপ্ন। সেরা চারে লড়াইয়ে আগামী বুধবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত আসরের রানার্সআপ নেপাল ঠিকই দুই ম্যাচ জিতে হয়েছে গ্রুপ সেরা। নিজেদের কাজটা করতে পারেনি প্রতিযোগিতার শিরোপাধারী বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতলেও ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পনই করেছে দল। ভারত ম্যাচের বিবর্ণতার পেছনে কোনো অজুহাত দেখালেন না বাটলার।
“কোনো অজুহাত দিতে চাই না। আমরা একটা ভালো দলের কাছে হেরেছি। আমাদের শুরুটাও ছিল ছন্নছাড়া এবং শেষটাও ছন্নছাড়া। স্কোরলাইন ১-০ থাকার সময় আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয়েছিল। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে কিছু খেলোয়াড় বদল করতে হয়েছিল। আমার শুধু মনে হয়েছে, আমাদের স্বাভাবিক ছন্দটা ছিল না।”
“অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে, যেটা আমাদের খতিয়ে দেখতে হবে। কেন নির্দিষ্ট কিছু খেলোয়াড় নিচে নেমে রক্ষণ সামলাচ্ছে না, কিংবা কেন ওয়ার্ম-আপের জন্য সময়মতো আসছে না- এর কারণ খুঁজে বের করতে হবে। তবে, কোনো অজুহাত নয়, আমরা স্রেফ হেরে গেছি। কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম এবং কয়েকজনকে খেলার সুযোগ দিয়েছিলাম। তাদের মধ্যে কেউ কেউ খুব ভালো করেছে, আর বাকিদের পারফরম্যান্স আমার কাছে ভীষণ হতাশাজনক।”
ভারত ম্যাচে মনিকা-মারিয়ার জুটি পারেনি মাঠমাঠের দখল নিতে। একের পর এক এলোমেলো পাস দিয়েছেন অধিনায়ক মারিয়াও। তবে, শুরুতে নির্দিষ্ট করে না বললেও, বাটলার কারো কারো শেষ দেখলেন। এক পর্যায়ে দুই বছর আগের সেই আলোচিত ‘বিদ্রোহ’র প্রসঙ্গ টানলেন, ক্ষোভ উগরে দিলেন চোট কাটিয়ে ফিরে নিজের সেরাটা মেলে ধরতে না পারা মনিকার উপরও।
“আমি মূলত খেলোয়াড়দের পাদপ্রদীপের আলো থেকে, অতিরিক্ত চাপের মুখ থেকে সরিয়ে রাখার চেষ্টা করছি। কারণ আমি জানি কী ঘটছে। আর মাঝেমাঠের ব্যাপারটা আমি বুঝি। এটা অনেকটা জুটির মতো। যেমন স্ট্রাইকিং পার্টনারশিপ থাকে, মিডফিল্ড পার্টনারশিপ থাকে। আবার ফুল-ব্যাক ও উইঙ্গারদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকে। কারণ, তারা একে অপরের সাথে পাস আদান-প্রদান করে খেলে। মাঝে মাঝে এই জুটিগুলো কাজ করে না। কখনও শেষ হয়ে যায়। তখন আপনাকে চারপাশটা দেখতে হয়, আর এটা একটা চলমান প্রক্রিয়া।”
“আপনারা জানেন, দুই বছর আগে আমাদের দলে একটা বড় ধরনের রদবদল হয়েছিল। এই হারের কোনো অজুহাত নেই। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। গত দুটি ম্যাচ আমাকে নির্দিষ্ট কিছু খেলোয়াড় দেখে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। কেউ কেউ সত্যিই ভালো করেছে এবং অন্যেরা হয়তো ফিট নয়, অথবা বলছে তারা ফিট, কিন্তু আসলে ফিট নয়, কিংবা আরও বড় কথা-তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছে। মারিয়া, সে একজন ভালো নেতা, আমি নিশ্চিত সে এই দলটাকে খুব খুব ভালোভাবে নেতৃত্ব দেবে। মনিকা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে। ওর একটা ইনজুরি আছে। সে তো এখন আর তরুণী মেয়ে নয়। সে দুর্দান্ত সার্ভিস দিয়ে এসেছে দলকে।”
অধিনায়কত্ব হারানো আফঈদা খন্দকারকে ভারত ম্যাচে খেলাননি বাটলার। এই ডিফেন্ডারকে বিশ্রাম দেওয়ার কারণ বলতে গিয়ে কারো কারো শেষ দেখার কথা ফের বলেছেন কোচ। কারো কারো মধ্যে পেশাদার মনোভাবের চরম ঘাটতিও দেখছেন তিনি।
“আফঈদা একদিন বুঝতে পারবে, কেন আমি তাকে জ্বলন্ত উনুন থেকে তুলে সরাসরি আগুনে ফেলে দেওয়ার বদলে একটু বিশ্রামের সুযোগ দিয়েছি; এটা তার উন্নতিরই একটা অংশ। আমি আসলে জানি না ওর বয়স কত। হয়তো ১৯ বা ২০ বছর হবে। সব খেলোয়াড়ে সঠিক বয়সও জানি না। তবে, আমি একটা দল নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি, কারণ আমি জানি, কিছু খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে।”
“আমাদের আরও পেশাদার হতে হবে। আর আমি পেশাদারিত্বের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু কিছু খেলোয়াড় সেই স্তরে যাওয়ার ইচ্ছাটুকুই নেই। তাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা কীভাবে জানেন? যেমন, আপনি কাউকে ওয়ার্ম-আপ করতে বললেন, আর সে হেঁটে হেঁটে ওয়ার্ম-আপের জায়গার দিকে গেল। আপনি যদি একজন ইংলিশ খেলোয়াড়কে বা সম্ভবত বর্তমান সময়ে একজন ভারতীয় খেলোয়াড়কে বলেন, আমি ঢালাওভাবে বলছি না, কিছু খেলোয়াড়কে ওয়ার্ম-আপ করতে বললে তারা দৌড়ে সেখানে যাবে এবং দ্রুত কাজটা করবে। কারণ তারা মাঠে ফিরে আসতে চায়।”
