২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 04 Jun 2026, 08:26 AM
আর ৭ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ ফিরে দেখা যাক নকআউট পর্বে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের দিকে।
এই রেকর্ডের মালিক যৌথভাবে তিন জন- দুই ব্রাজিলিয়ান গ্রেট লেওনিদাস ও রোনালদো এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তিন জনই বিশ্বকাপের এই পর্বে আটটি করে গোল করেছেন।
পাকাপাকিভাবে গ্রুপ পর্ব শুরুর আগে, ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে প্রথম রাউন্ডে (শেষ ষোলোয়) স্পেনের বিপক্ষে ব্রাজিলের ৩-১ ব্যবধানে হারের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন লেওনিদাস। চার বছর পর, ফ্রান্স বিশ্বকাপেও ছিল না গ্রুপ পর্ব। সেখানে চার ম্যাচে সাত গোল করেন তিনি, তৃতীয় হয়ে আসর শেষ করে সেলেসাওরা।
তার উত্তরসূরি রোনালদো আধুনিক ফুটবলের সেরা স্ট্রাইকারদের একজন, ‘দ্য ফেনোমেনন।’ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে নকআউটে চার ম্যাচ খেলে তিনটি গোল করেন তিনি, রানার্সআপ হয় তারা। চার বছর পর, দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে দলকে শিরোপা জেতানোর পথে নকআউটে চার ম্যাচে চার গোল করেন তিনি। আর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে এই পর্বে দুই ম্যাচে একটি গোল করেন রোনালদো।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার আসর মিলিয়ে আটটি নকআউট ম্যাচে আটটি গোল করেন এমবাপে। এর মধ্যে গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জালে হ্যাটট্রিক করেন তিনি।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে এবার রেকর্ডটা একার করে নেওয়ার সুযোগ।