২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের আগে দুই দফা ঝলক দেখিয়ে ম্যাচে এমন দুর্দান্ত গোল ইয়ামালের

সাধারণ কোনো গোল করা যেন লামিনে ইয়ামালের ধাতে নেই, তার প্রায় সব গোলই দর্শনীয় ও নান্দনিক।

ম্যাচের আগে দুই দফা ঝলক দেখিয়ে ম্যাচে এমন দুর্দান্ত গোল ইয়ামালের
লামিনে ইয়ামালের এই উদযাপন এখন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

সাধারণ কোনো গোল করা যেন লামিনে ইয়ামালের ধাতে নেই। তার প্রায় সব গোলই দর্শনীয় ও নান্দনিক! লা লিগার শিরোপা নিশ্চিত করার ম্যাচে এস্পানিওলের বিপক্ষেও চমকপ্রদ এক গোল করেন বার্সেলোনার বিস্ময়-বালক। ম্যাচের পর মিডফিল্ডার পেদ্রি ও কোচ হান্সি ফ্লিক বললেন, অনুশীলনে এমন গোল নিয়মিতই করেন ইয়ামাল। 

লা লিগায় বৃহস্পতিবার এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচের ৫৩তম মিনিটে অসাধারণ গোলটি করেন ইয়ামাল।

ডান প্রান্তের সীমানার কাছে বল পেয়ে দ্রুতগতিতে বক্সের দিকে এগিয়ে যান তিনি। প্রতিপক্ষের একজনকে এড়িয়ে বক্সের বাইরে থেকে চকিতে শট নিয়ে নেন। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে গতিময় ও মাপা বাঁকানো শট গোলকিপারের ধরাছোঁয়ার বাইরে দিয়ে আশ্রয় নেয় জালে।

পরে ম্যাচের যোগ করা সময়ে ফের্মিন লেপিসের গোলে বাড়ে ব্যবধান। তবে ম্যাচের পর চর্চা বেশি ইয়ামালের গোল নিয়েই। 

ছোট্ট ক্যারিয়ারে এমন গোল অবশ্য কম করলেন না ইয়ামাল। নিয়মিতই চোখধাঁধানো সব গোল উপহার দিচ্ছেন ১৭ বছর বয়সী তারকা। 

ম্যাচের পর মিডফিল্ডার পেদ্রি মুভিস্টার প্লাসকে বললেন, খেলা শুরুর আগেই নমুনা দেখিয়ে দেন ইয়ামাল। মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা পেদ্রি নিজেও যথেষ্ট তরুণ। কিন্তু ২২ বছর বয়সী মিডফিল্ডার বললেন ইয়ামালের যত্ন নেওয়ার কথা। 

“লামিনে যে গোলটি করেছে, এরকম মুভ সে অনেক অনুশীলন করে। আজকে গা গরমের সময়ও ঠিক একইভাবে দুটি গোল করেছে সে।”

“ওকে ভালোভাবে দেখভাল করতে হবে আমাদের। সে যেন শুধু উপভোগ করতে পারে। অসাধারণ ফুটবলার সে।”

কোচ হান্সি ফ্লিকও বললেন, অনুশীলনে এসব কারিকুরি নিয়মিতই করেন ইয়ামাল।

“এই ধরনের গোল সে এর মধ্যেই অনেকগুলো করেছে। অনুশীলনে প্রতিদিনই এই মুভ সে চেষ্টা করে। আজকের গোলটি ছিল একদম নিখুঁত।”